দেওরের সঙ্গে অবৈধ প্রেম, স্বামীকে শ্বাসরোধ করে খুনের নৃশংস অভিযোগ উত্তর প্রদেশে
উত্তর প্রদেশের বান্দা জেলার কামাসিন থানা এলাকায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। নিজের দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে পথ থেকে সরিয়ে দিতে নৃশংস পথ বেছে নিলেন এক স্ত্রী। গত ৫ এপ্রিল সকালে জামু গ্রামে নিজ বাড়ির টিউবওয়েলের কাছ থেকে ২২ বছর বয়সী সোনু নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় এই মৃত্যুকে সাপের কামড় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও, পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পুলিশি জেরার মুখে নিশা নামে ওই মহিলা তার অপরাধ স্বীকার করেছেন। দেড় বছর আগে প্রেমের বিয়ে হলেও স্বামী সোনু কাজের সূত্রে গুজরাতের সুরাটে থাকতেন। স্বামীর অনুপস্থিতিতেই নিশার সঙ্গে তার দেওর মনুর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিশা ও মনু দুজনেই বিয়ে করতে চাইলেও সোনু তাতে বাধা হয়ে দাঁড়ান। সম্প্রতি সোনু বাড়ি ফিরলে দুই অভিযুক্ত মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে নিশা ও মনু একযোগে সোনুকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির বাইরে ফেলে দেন।
ডিএসপি সৌরভ সিং জানিয়েছেন, ফরেনসিক দল ও পুলিশের প্রাথমিক তদন্তে নিশার বয়ানে অসঙ্গতি পাওয়া যায়। মৃত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে সত্য সামনে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্ত্রী স্বীকার করেন যে, অবৈধ সম্পর্কের পথে বাধা সরাতেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত স্ত্রী ও দেওরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।