৪ মে চোখে সরষে ফুল দেখবে বিজেপি, রায়নার সভা থেকে তীব্র হুংকার অভিষেকের

৪ মে চোখে সরষে ফুল দেখবে বিজেপি, রায়নার সভা থেকে তীব্র হুংকার অভিষেকের

নির্বাচনী প্রচারের তুঙ্গে থাকা পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পূর্ব বর্ধমানের রায়নায় এক জনসভায় তিনি দাবি করেন, ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের দিন বিজেপি নেতারা চোখে সরষে ফুল দেখবেন। গেরুয়া শিবিরের বিপর্যয় অনিবার্য উল্লেখ করে অভিষেক দলীয় কর্মীদের বিজেপি প্রার্থীদের জামানত জব্দ করার ডাক দেন।

রায়নার শ্যামসুন্দরে ভিড়ে ঠাসা জনসভায় অভিষেক বলেন, কেন্দ্রে ১২ বছর ক্ষমতায় থেকেও বিজেপি সাধারণ মানুষের জন্য কিছু করেনি। উল্টে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে বাংলাকে বঞ্চিত করেছে। তাঁর মতে, এবারের ভোট আদতে মানুষের অধিকার রক্ষার এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার লড়াই। এদিন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই প্রচুর মানুষ সভায় যোগ দেন।

দলের কর্মীদের সতর্ক করে তৃণমূলের এই হেভিওয়েট নেতা জানান, যারা তলে তলে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিজেপিকে ভোট দেওয়া মানেই সিপিএমের হার্মাদদের সমর্থন করা বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন সভা থেকেও বিজেপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *