ভোটে জিততে মরিয়া তৃণমূল মঙ্গলবার, একই দিনে ঝোড়ো প্রচারে মমতা ও অভিষেক

ভোটে জিততে মরিয়া তৃণমূল মঙ্গলবার, একই দিনে ঝোড়ো প্রচারে মমতা ও অভিষেক

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবার ক্ষমতায় ফিরতে মরিয়া ঘাসফুল শিবির। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দলের শীর্ষ নেতৃত্ব থেকে সাধারণ কর্মী-সমর্থক, সকলেই এখন ভোট ময়দানে কোমর কষে নেমেছেন। মঙ্গলবার একই দিনে একাধিক জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত প্রার্থীদের সমর্থনে এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াতেই এই হাই-ভোল্টেজ ‘জোড়া ব্যাটিং’-এর পরিকল্পনা গ্রহণ করেছে শাসক দল।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রচার সারবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি চাকদা, কল্যাণী ও হরিণঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে চাকদার মশড়া নবপল্লির মাঠে প্রথম জনসভাটি করবেন। এরপর তাঁর গন্তব্য বনগাঁ উত্তর ও দক্ষিণ কেন্দ্র, যেখানে বনগাঁ স্টেডিয়ামে তিনি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন। দিনের শেষে হাবড়া ও অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে বাণীপুর ডক্টর বি আর আম্বেদকর মাঠে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ দিন ধরে টানা জেলা সফর করে প্রচারের গতি সচল রেখেছেন তিনি।

অন্যদিকে, উত্তরবঙ্গের মাটিতেও ভোটপ্রচারে ঝড় তুলতে তৈরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গেও তাঁর তিনটি মেগা জনসভা নির্ধারিত রয়েছে। নাটাবাড়ি, জলপাইগুড়ি এবং কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন তিনি। এই সভাগুলি থেকে একদিকে যেমন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরবেন অভিষেক, তেমনই অন্যদিকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধেও কড়া আক্রমণ শানাবেন বলে মনে করা হচ্ছে। বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূলের এই সেকেন্ড-ইন-কমান্ড।

প্রথম দফার নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে, তাই সময় নষ্ট না করে ঝড়ের গতিতে জেলায় জেলায় প্রচারের রূপরেখা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থীদের জন্য ভোট ভিক্ষার পাশাপাশি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করাই মমতা ও অভিষেকের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। বিধানসভা দখলের লড়াইয়ে বঙ্গ রাজনীতিতে মঙ্গলবার মমতা-অভিষেকের এই যৌথ সক্রিয়তা নিশ্চিতভাবেই নতুন মাত্রা যোগ করতে চলেছে। সব মিলিয়ে প্রার্থীদের সমর্থনে জেলা সফরে এক বড়সড় চমক দিতে তৈরি ঘাসফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *