সিকিমে প্রাকৃতিক বিপর্যয় লাচেনে আটকে হাজারো পর্যটক, উদ্ধারে নামল সেনাবাহিনী

সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাচেনে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও আটকে রয়েছেন এক হাজারের বেশি পর্যটক। ধস এবং প্রতিকূল পরিস্থিতির কারণে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসুরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি পর্যটক রয়েছেন বলে জানা গিয়েছে। আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, লাচেন থেকে সরাসরি যাতায়াত সম্ভব না হওয়ায় পর্যটকদের ডোকলাম, জিরো পয়েন্ট এবং লাচুং হয়ে বিকল্প পথে সরিয়ে আনা হচ্ছে। লাচেন-ডনকিলা-শিবমন্দির রুটে জমে থাকা বরফ সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার কাজ শুরু করেছে বিআরও। সোমবার বেশ কিছু পর্যটককে উদ্ধার করা সম্ভব হলেও মঙ্গলবার সকাল থেকে ফের জোরকদমে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ এবং স্থানীয় পুলিশ বাহিনীও এই কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।
লাচেনে আটকে পড়া পর্যটকদের বয়ান অনুযায়ী, লাচেন থেকে ঝুম থাগ যাওয়ার রাস্তায় বড়সড় ধস নেমেছে। ফলে নতুন করে রাস্তা তৈরি করতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পর্যটকদের নতুন করে সিকিম ভ্রমণের পরিকল্পনা করার আগে বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সেনাবাহিনী প্রতিনিয়ত সাহায্য করে চলেছে।
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং সরকারি নির্দেশিকা মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পর্যটক ও তাঁদের পরিবারদের জন্য দুটি হেল্পলাইন নম্বর— ৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭ চালু করা হয়েছে। সব পর্যটককে দ্রুত গ্যাংটকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন।