মনোনয়ন মিছিলে যাওয়ার ‘শাস্তি’, বসিরহাটে আক্রান্ত বিজেপি কর্মী বাবা ও ছেলে

মনোনয়ন মিছিলে যাওয়ার ‘শাস্তি’, বসিরহাটে আক্রান্ত বিজেপি কর্মী বাবা ও ছেলে

বসিরহাটে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপির মনোনয়ন দেওয়ার মিছিলে যোগ দেওয়ার জেরে এক বিজেপি কর্মী ও তাঁর বাবাকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভার সাকচুড়া বাগুণ্ডি পঞ্চায়েতের ইটিন্ডা দাসপাড়া এলাকার ৫৬ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। আক্রান্তরা বর্তমানে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাস এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ঘটনার সূত্রপাত গতকাল, যখন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন মিছিলে যোগ দিয়েছিলেন তারক। অভিযোগ, রাতে বাড়িতে ফেরার পর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দুলাল দাসের নেতৃত্বে একদল দুষ্কৃতী তারকের ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে প্রফুল্ল দাস এগিয়ে এলে তাঁকেও বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে জানা গিয়েছে।

আক্রান্তদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি করার অপরাধেই তাঁদের কর্মীদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই বিষয়ে বসিরহাট থানা এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, নিশ্চিত হার বুঝতে পেরে বিজেপি সাধারণ কোনো ঝামেলাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *