হরিশ্চন্দ্রপুরে অভিষেকের মেগা রোড শো ঘিরে জনজোয়ার, বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রচারের সুর চড়ালেন তৃণমূল সেনাপতি

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুরে চাঁচলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে আয়োজিত এক বিশাল রোড শো-তে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলসীহাটা চুরিপট্টি থেকে শুরু হওয়া এই মেগা কর্মসূচিতে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মিছিল শেষে ৩১ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে আয়োজিত এক পথসভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি।
এদিন নির্বাচনী সভা থেকে দলীয় কর্মীদের সতর্ক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার শান্ত পরিবেশ নষ্ট করতে বিজেপি বাইরের রাজ্য থেকে লোক ঢোকানোর পরিকল্পনা করছে। এলাকায় কোনো বহিরাগতকে দেখলেই তাদের ঘিরে রাখার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে মোদী সরকারের কোনো মাথাব্যথা নেই। তিনি দাবি করেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে সরকার গঠিত হলে ভারতের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
হরিশ্চন্দ্রপুরের এই কর্মসূচিতে ভিড় এতটাই বেশি ছিল যে পুলিশের তৈরি করা নিরাপত্তা বলয় এবং লোহার ব্যারিকেড ভেঙে পড়ে। রাস্তার দু’ধারে এবং ফ্লাইওভারের নিচে তিল ধারণের জায়গা ছিল না। সমর্থকদের হুড়োহুড়িতে বেশ কয়েকবার মিছিল থমকে গেলেও বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, মালদহ জেলা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি থাকলেও অভিষেকের এই রোড শো প্রমাণ করে দিল যে জেলাটিতে ঘাসফুল শিবিরের জমি আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে।
এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, উন্নয়নের নিরিখে বাংলার মানুষ এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই দু-হাত ভরে আশীর্বাদ করবে এবং দিল্লির ‘জনবিরোধী’ সরকারকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। মালদহের এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলেও ভিড় সামাল দিতে মালদহ জেলা পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।