কালীঘাটে মা কালীর চরণে বিজেপি সাংসদ কঙ্গনা, বাংলার মেয়েদের জন্য চাইলেন বিশেষ আশীর্বাদ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রচারের ব্যস্ততার মাঝেই মঙ্গলবার কলকাতায় পা রাখলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। শহরে এসেই তিনি সোজা চলে যান কালীঘাট মন্দিরে। সেখানে নিষ্ঠাভরে মা কালীর পুজো দেওয়ার পাশাপাশি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। হালকা গোলাপী রঙের পৈঠানি শাড়ি আর রাজকীয় সাজে অভিনেত্রীর এই মন্দির দর্শন ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা জানান, তিনি বরাবরই শক্তির উপাসক। মায়ের ডাক অনুভব করেই তিনি কালীঘাটে ছুটে এসেছেন। সাংসদ বলেন, “আমি দেশের সার্বিক মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। তবে বিশেষভাবে প্রার্থনা করেছি বাংলার মেয়েদের জন্য। মা যেন তাদের উদ্ধার করেন এবং এখানকার মেয়েরা যাতে সঠিক বিচার পায়।” এ ছাড়াও আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যের জন্য মায়ের কাছে মানত করেছেন তিনি। বাংলার মানুষের সার্বিক কল্যাণই তাঁর মূল প্রার্থনা বলে জানান এই তারকা সাংসদ।
ভোটের আবহে কঙ্গনার এই সফর কি কেবলই ধর্মীয়, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য—তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে কোনো হেভিওয়েট বিজেপি প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এই বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি কঙ্গনা। তিনি কেবল মানুষের সেবা ও ন্যায়বিচারের কথা উল্লেখ করেছেন। নির্বাচনের প্রাক্কালে কঙ্গনার এই বিশেষ প্রার্থনা এবং বাংলার নারীশক্তি নিয়ে তাঁর মন্তব্য রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।