বিজয় ও ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তৃষা কৃষ্ণন, অভিনয় ছাড়া নিয়ে দিলেন কড়া জবাব

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন ও অভিনেতা বিজয়ের সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। সম্প্রতি চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ভিডিও ভাইরাল হতেই নতুন করে জল্পনা শুরু হয়। এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে বিজয়ের স্ত্রী সঙ্গীতার ডিভোর্সের আবেদন। তবে ব্যক্তিগত জীবনের এই টানাপড়েনের মাঝেই এবার তৃষার অভিনয় ছাড়ার গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক খবরে দাবি করা হচ্ছে, তৃষা নাকি নতুন কোনো কাজ নিচ্ছেন না এবং খুব শীঘ্রই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেবেন। এমনকি জনৈক ধনী ব্যবসায়ীর সঙ্গে তাঁর গোপন বিয়ে এবং সন্তান হওয়ার মতো চাঞ্চল্যকর খবরও ভেসে বেড়াতে থাকে। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ইনস্টাগ্রাম স্টোরিতে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি জানান, এই সমস্ত দাবি ভিত্তিহীন এবং কুৎসিত রটনা ছাড়া আর কিছুই নয়।
তৃষা তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে, গুজবকে গুরুত্ব দেওয়া তাঁর স্বভাব নয়। তিনি লেখেন, “আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেছি, আর চার সন্তানের মা! আজকের গল্পের কোটা কি পূর্ণ হলো?” এই বার্তার মাধ্যমে তিনি অভিনয় ছাড়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন। উল্লেখ্য, এর আগে অভিনেতা পার্থিবনের কটাক্ষ এবং বিজয়ের রাজনৈতিক সভার মন্তব্য ঘিরেও জলঘোলা হয়েছিল, তবে তৃষা বরাবরই এই বিষয়গুলো এড়িয়ে চলেছেন।
সাম্প্রতিক কিছু পোস্টে অভিনেত্রী শান্তি এবং আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। ভালোবাসা ও জীবন নিয়ে তাঁর কিছু রহস্যময় পোস্ট ভক্তদের মনে নতুন আলোচনার জন্ম দিলেও তৃষা পরিষ্কার করেছেন যে, ভিত্তিহীন বিতর্কে শক্তি ক্ষয় না করে তিনি নিজের কাজেই মনোনিবেশ করতে চান। বিজয়-তৃষা জুটি দক্ষিণী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও বাস্তব জীবনের এসব বিতর্কের মাঝে অভিনেত্রী তাঁর পেশাদারিত্ব বজায় রাখতেই অনড়।