অপারেশন ছাড়াই সারবে মেরুদণ্ডের সমস্যা ইনজেকশন জেলেই লুকিয়ে পিঠের ব্যথার মহৌষধি

মেরুদণ্ডের ডিস্কের সমস্যায় বর্তমানে শুধু প্রবীণরা নন, অল্পবয়সিরাও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘক্ষণ একনাগাড়ে বসে কাজ করা বা ভুল জীবনযাত্রার কারণে পিঠে ব্যথা ও কোমরে টান এখন ঘরে ঘরে। এতদিন এই সমস্যার চূড়ান্ত সমাধান হিসেবে ফিজিওথেরাপি বা জটিল অস্ত্রোপচারের ওপরই নির্ভর করতে হতো চিকিৎসকদের। তবে এবার মেরুদণ্ডের চিকিৎসায় এক যুগান্তকারী দিগন্ত খুলে দিলেন গবেষকরা, যেখানে কোনো কাঁটাছেঁড়া ছাড়াই ইনজেকশনের মাধ্যমে নিরাময় সম্ভব হবে।
বিজ্ঞানীদের উদ্ভাবিত এই নতুন পদ্ধতির নাম ‘হাইড্রাফিল’। এটি আসলে একটি বিশেষ ধরনের জেল, যা ইনজেকশনের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত ডিস্কে প্রয়োগ করা হয়। ব্যবহারের সময় জেলটিকে উত্তপ্ত করে তরল অবস্থায় আনা হয় যাতে তা সহজে শরীরে প্রবেশ করতে পারে। শরীরের ভেতরে প্রবেশের পর এটি দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয় এবং ক্ষতিগ্রস্ত ডিস্কের ওপর একটি নরম কুশনের মতো আস্তরণ তৈরি করে। এই জেলটি মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী ঘর্ষণ কমিয়ে নড়াচড়াকে স্বাভাবিক করে তোলে।
৬০ জন রোগীর ওপর চালানো এক পরীক্ষামূলক গবেষণায় এই পদ্ধতির অভাবনীয় সাফল্য দেখা গিয়েছে। এক বছর পর্যবেক্ষণের পর দেখা গেছে, অধিকাংশ রোগীরই দীর্ঘস্থায়ী ব্যথা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তাদের স্বাভাবিক হাঁটাচলার ক্ষমতা ফিরে এসেছে। এই চিকিৎসার প্রধান বৈশিষ্ট্য হলো এর সহজ প্রক্রিয়া। মাত্র ৩০ মিনিটের এই পদ্ধতিতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন পড়ে না, লোকাল অ্যানেস্থেশিয়াতেই কাজ সম্পন্ন হয়। এর ফলে রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয় না।
বর্তমানে এই আধুনিক প্রযুক্তিটি নিয়ে আরও নিবিড় গবেষণা চলছে যাতে দীর্ঘমেয়াদে এর সুরক্ষা ও কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত করা যায়। চিকিৎসকদের মতে, ভবিষ্যতে এই জেল-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি মেরুদণ্ডের জটিল সমস্যার সমাধানে এক নতুন বিপ্লব আনবে। সফলভাবে এর প্রয়োগ শুরু হলে পিঠের ব্যথার রোগীদের আর বড় কোনো অস্ত্রোপচারের ঝুঁকি নিতে হবে না এবং খুব দ্রুত তারা কর্মক্ষম জীবনে ফিরতে পারবেন।