কারা মুক্তির কয়েক দিন পরেই প্রেমিকার সঙ্গে ক্ষেত থেকে উদ্ধার যুবকের নিথর দেহ

উত্তরপ্রদেশের সাহারানপুরের নানৌতা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। হোসেনপুর গ্রামের একটি আখ ক্ষেত থেকে উদ্ধার হয়েছে এক তরুণ ও তরুণীর নিথর দেহ। মৃত যুবকের পরিচয় মিলেছে বছর ২৬-এর বিনয় হিসেবে এবং ২০ বছর বয়সী ওই তরুণীর নাম নীলম। পুলিশ ঘটনাস্থল থেকে বিষাক্ত পদার্থের খালি প্যাকেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লোকচক্ষুর অন্তরালে নিজেদের শেষ করে দিতেই তারা বিষপান করেছিলেন।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক দীর্ঘ ও জটিল প্রেমকাহিনী। বিনয় ও নীলমের সম্পর্কের ঘোর বিরোধী ছিল উভয়ের পরিবার। অভিযোগ রয়েছে, দুই বছর আগে বিনয় ওই তরুণীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের মামলা করা হলে পুলিশ বিনয়কে গ্রেপ্তার করে জেলে পাঠায়। দীর্ঘদিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। জেল থেকে ফেরার কয়েক দিন পরেই দুজনে আবার নিখোঁজ হয়ে যান এবং শেষ পর্যন্ত জঙ্গল সংলগ্ন এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার হয়।
হোসেনপুর গ্রামের জনৈক কৃষকের জমিতে সেচের কাজ করার সময় মৃতদেহ দুটি প্রথমে নজরে আসে এক শ্রমিকের। তাঁর চিৎকারেই গ্রামবাসীরা জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। পুলিশ দুই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।