ভারতে প্রথম চালকবিহীন পড ট্যাক্সি প্রকল্পের শিলান্যাস, মুম্বইয়ে শুরু নয়া যুগের

ভারতে প্রথম চালকবিহীন পড ট্যাক্সি প্রকল্পের শিলান্যাস, মুম্বইয়ে শুরু নয়া যুগের

ভারতের পরিবহণ ইতিহাসে এক বৈপ্লবিক অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে (বিকেসি) দেশের প্রথম অত্যাধুনিক চালকবিহীন পড ট্যাক্সি প্রকল্পের ভূমিপুজো সম্পন্ন করেন। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর এই প্রকল্পটির মাধ্যমে ভারতের বাণিজ্যিক রাজধানীর যানজট সমস্যার এক স্থায়ী সমাধানের পথ প্রশস্ত হলো।

প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা চালু হবে কুর্লা থেকে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের বাণিজ্যিক এলাকার মধ্যে। প্রকল্পের মোট দৈর্ঘ্য ৮.৮৫ কিলোমিটার। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পুরো রুটে প্রায় ২০০ মিটার অন্তর মোট ২২টি স্টেশন তৈরি করা হবে। প্রথম ধাপে ৩.৩৬ কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণের কাজ শুরু হচ্ছে। ব্যাটারিচালিত এই ট্যাক্সিগুলি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।

প্রযুক্তিগত দিক থেকে এই পড ট্যাক্সিগুলো অত্যন্ত আধুনিক। প্রতিটি পডে একসঙ্গে সর্বোচ্চ ৬ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না; প্রতি ১৫ সেকেন্ড অন্তর স্টেশনে একটি করে পড পাওয়া যাবে। নির্দিষ্ট স্টেশনে থামার সুবিধার ফলে যাতায়াত হবে সময়সাপেক্ষ ও আরামদায়ক।

বিকেসি এলাকাটি মুম্বইয়ের অন্যতম জনবহুল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জসহ বহু বহুজাতিক সংস্থার দপ্তর রয়েছে। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে প্রতিদিন প্রায় ১.০৯ লক্ষ যাত্রী এই পরিষেবা ব্যবহার করবেন। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

মুম্বইয়ের এই সাফল্য দেশের অন্যান্য বড় শহরগুলোর জন্যও নতুন পথ খুলে দিতে পারে। বিশেষ করে কলকাতার মতো জনবহুল শহরে, যেখানে অফিস টাইমে যানজট একটি নিত্যনৈমিত্তিক সমস্যা, সেখানে পড ট্যাক্সির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুম্বইয়ে প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে ভবিষ্যতে তিলোত্তমা কলকাতাতেও এই অত্যাধুনিক পরিবহণ ব্যবস্থা চালুর সম্ভাবনা উজ্জ্বল হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *