রণবীরের সাফল্যে নীরব কেন দীপিকা? উত্তাল নেটপাড়ার কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মস্তানি

মাত্র দুই সপ্তাহে বিশ্বজুড়ে ১৫০০ কোটির বেশি ব্যবসা করে বক্স অফিসে ইতিহাস গড়েছে রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এই ছবির হাত ধরে রণবীরের ক্যারিয়ারে বসন্ত ফিরলেও আলোচনার কেন্দ্রে এখন তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন। স্বামীর এমন অভাবনীয় সাফল্যের দিনে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাঁকে ‘স্বার্থপর’ বলে কটাক্ষ করতে শুরু করেন। প্রশ্ন ওঠে, যেখানে বলিউডের বড় বড় তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন, সেখানে দীপিকা কেন নীরব? এমনকি এই দম্পতির ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়েও গুঞ্জন শুরু হয়।
দীপিকার এই নীরবতা নিয়ে নেটপাড়ায় রীতিমতো জনমত জরিপ বা পোল চালানো হয়েছিল। সেখানে জনৈক নেটিজেন জানতে চেয়েছিলেন, দীপিকা কি কোনো বিশেষ পরিকল্পনা বা এজেন্ডা নিয়ে চুপ রয়েছেন, নাকি বিষয়টি নিয়ে অকারণ কাটাছেঁড়া চলছে? এত দিন চুপ থাকলেও এবার নিন্দুকদের আর রেয়াত করলেন না দীপিকা। কোনো আলাদা পোস্ট না করে বরং ওই নির্দিষ্ট পোল বা পোস্টের মন্তব্যবাক্সেই রণবীর-পত্নী সরাসরি পালটা জবাব দিয়েছেন।
মন্তব্যবাক্সে দীপিকা লিখেছেন, “তোমাদের সবার দেখার অনেক আগেই আমি ধুরন্ধর দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে হলো?” অভিনেত্রীর এই এক লাইনের ছোট উত্তরেই কার্যত স্তব্ধ হয়ে গিয়েছেন সমালোচকরা। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন যে, ব্যক্তিগত স্তরে তিনি রণবীরের সাফল্যের পাশে শুরু থেকেই রয়েছেন এবং এর জন্য সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পেটানোর প্রয়োজন বোধ করেননি।
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর প্রিমিয়ারে দীপিকার অনুপস্থিতি এবং জেনইউ কিংবা গাজা ইস্যু নিয়ে পোস্ট করার বিপরীতে স্বামীর ছবি নিয়ে নীরবতা ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। অনেকেই দাবি করেছিলেন, দীপিকা মুম্বইয়ের কনসার্টে যেতে পারলেও ছবির প্রচারে সময় দিচ্ছেন না। তবে মস্তানির এই সাম্প্রতিক মন্তব্য বুঝিয়ে দিল যে, রিল লাইফের মতো রিয়েল লাইফেও তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই পছন্দ করেন। বর্তমানে তাঁর এই মোক্ষম জবাবটিই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।