যুদ্ধ পরিস্থিতির অবনতি, ইরানে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল দূতাবাস

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। গত ৭ এপ্রিল প্রকাশিত এই নির্দেশিকায় তেহরানে থাকা ভারতীয়দের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও আমেরিকা ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবুও বর্তমান পরিস্থিতির অস্থিরতা বিবেচনা করে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। দূতাবাস সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ৭৫০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
দূতাবাসের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতীয়রা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং কোনোভাবেই সীমান্তের কাছাকাছি না যান। যে সমস্ত ভারতীয় এখনও সেখানে অবস্থান করছেন, তাঁদের ব্যক্তিগত বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার জারি করা নির্দেশিকায় ৪৮ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হলেও, পরিবর্তিত পরিস্থিতিতে এখন দ্রুত দেশ ছাড়ার ওপরই সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নাগরিকদের বেশ কিছু জরুরি নিয়ম পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক পাসপোর্ট ও প্রয়োজনীয় বৈধ নথি সঙ্গে রাখা এবং যেকোনো ধরণের জনসমাবেশ, বিক্ষোভ বা সংঘর্ষপ্রবণ এলাকা এড়িয়ে চলা। একইসঙ্গে স্থানীয় সংবাদ ও পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখার পাশাপাশি ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতায় জীবনের ঝুঁকি এড়াতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি।