এক দিনে তিন সভা করতে আজ বাংলায় মোদী অমিত শাহের উপস্থিতিতে চড়ছে প্রচারের পারদ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমেছে বিজেপি। আজ বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিনে মোট তিনটি জনসভা করবেন তিনি। সকাল সাড় ৯টায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রথম সভাটি করবেন প্রধানমন্ত্রী। এরপর আসানসোলের পোলো গ্রাউন্ড এবং বীরভূমের সিউড়িতে তাঁর নির্বাচনী জনসভা করার কথা রয়েছে। এই হাইভোল্টেজ প্রচারকে কেন্দ্র করে বিজেপি শিবিরে এখন সাজ সাজ রব।
নির্বাচনী রণকৌশল অনুযায়ী, বাংলায় হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না গেরুয়া শিবির। আজ প্রধানমন্ত্রীর সফরের ঠিক পরদিন, অর্থাৎ শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ডেবরাসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সভা করবেন। রাজনৈতিক ব্যস্ততা এখানেই শেষ নয়; একদিনের ব্যবধানে শনিবার ফের বঙ্গে পা রাখবেন নরেন্দ্র মোদী। সেদিন কৃষ্ণনগর, জিয়াগঞ্জ ও কুশমণ্ডিতে জনসভা করবেন তিনি। উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল কোচবিহারে সভা করে দুর্নীতির প্রশ্নে তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধেছিলেন প্রধানমন্ত্রী।
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। হাতে সময় মাত্র দুই সপ্তাহ। এবার দুই দফায় ভোট হতে চলেছে রাজ্যে। ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা। ভোটগণনার আগে নিজেদের শক্তির পাল্লা ভারী করতে মোদী-শাহর এই ঘনঘন সফর ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সভাগুলোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।