একুশের ভোটে নজিরবিহীন নিরাপত্তা বাংলায় আরও ১৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে চলা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে রাজ্যে আরও ১৫০ কো ম্পা নি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর ফলে মোট ২৫৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন। আড়াই লক্ষেরও বেশি আধাসেনা মোতায়েন করে ভোটারদের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা বজায় রাখাই কমিশনের মূল লক্ষ্য। রাজ্যকে ইতিমধ্যেই এই বাহিনী মোতায়েনের বিষয়ে বিস্তারিত চিঠি পাঠিয়ে অবগত করেছে কেন্দ্র।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের কোনো কাজেই সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশদের ব্যবহার করা যাবে না। এমনকি নির্বাচনের তিন দিন আগে থেকে ফল ঘোষণার পরের দিন পর্যন্ত তাঁরা ইউনিফর্ম পরে কোনো ডিউটিও করতে পারবেন না। মূলত নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
ভোটের দিন বুথের পরিস্থিতির ওপর নজর রাখতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে কমিশন। ৩ হাজার ক্যামেরার মাধ্যমে বুথের ভেতর ও বাইরের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পর্যবেক্ষকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যদি কোনো বুথের ক্যামেরা কালো কাপড়ে ঢাকা থাকে বা বন্ধ পাওয়া যায়, তবে সেখানে অবিলম্বে পুনর্নির্বাচন বা রি-পোল ঘোষণা করতে হবে। উল্লেখ্য, দুই দফায় আয়োজিত এই নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।