তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ধূপগুড়ি থানায় বিক্ষোভ বিজেপি প্রার্থীর

ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে। বুধবার বিকেলে ধূপগুড়ির পশ্চিম মাগুরমারি এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় তৃণমূলের মহিলা কর্মীদের প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূলের এসসি, ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী শিবনাথ রায় ও তাঁর সঙ্গীরা। গুরুতর আহত অবস্থায় ইলিয়াস আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পাল্টা অভিযোগে সরব হয়েছে বিজেপি শিবিরও। বুধবার রাতেই ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নেতৃত্বে কয়েক’শ কর্মী-সমর্থক ধূপগুড়ি থানা ঘেরাও করেন। থানার সামনে মাটিতে বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপির দাবি, তৃণমূল নেতা ইলিয়াস আলীই প্রথমে বিজেপি কর্মী শিবনাথ রায়ের ওপর আক্রমণ চালিয়েছেন। এমনকি গত কয়েকদিন ধরে এলাকায় বিজেপি কর্মীদের ওপর লাগাতার সন্ত্রাস চালানো হচ্ছে এবং পুলিশ কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন বিজেপি প্রার্থী ও নেতাদের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ হয়। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, আগামীকালের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা না হলে গোটা ধূপগুড়ি অচল করে দেওয়া হবে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বও পাল্টা আন্দোলনের ডাক দিয়েছে। ধূপগুড়ি থানা চত্বরে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।