রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, দ্রুত মিলবে টাকা

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটাতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ করে সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বকেয়া পাওনা নিয়ে তৎপরতা শুরু করেছে নবান্ন। সোমবার উচ্চ শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। লক্ষ্য একটাই, দ্রুত এই হিসেব নিকেশ শেষ করে কর্মীদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়া।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, মূলত ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর-এর হিসেব চূড়ান্ত করতে এই উদ্যোগ। কর্মীদের মাসিক প্রাপ্য এবং অবসরপ্রাপ্তদের পেনশন সংক্রান্ত তথ্যের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কর্মী ও পেনশনভোগীদের সার্ভিস বুক বা চাকরি বইয়ের তথ্যের ভিত্তিতে এই ডাটাবেস সার্টিফাই করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই স্পষ্ট হয়ে যাবে সংশ্লিষ্ট কর্মীরা ঠিক কত টাকা করে বকেয়া পাবেন।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে স্পষ্ট ঘোষণা করেছেন। তাঁর বার্তা অনুযায়ী, সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভা এবং সরকার অনুমোদিত স্বশাসিত ও অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোও এই ডিএ-র আওতায় আসবে। অর্থ দপ্তরের সাথে উচ্চপর্যায়ের বৈঠকের পর নবান্নর এই সক্রিয়তা রাজ্য প্রশাসনের কর্মীদের মধ্যে নতুন আশার আলো তৈরি করেছে।
এই তথ্য সংগ্রহের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটের আগেই বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। প্রশাসনের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ পরিবার উপকৃত হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন কেবল ডাটাবেস তৈরির কাজ শেষ হওয়ার অপেক্ষা।