লক্ষ্মীবারে বড়সড় ধাক্কা শেয়ার বাজারে, হু হু করে নামল সেনসেক্স ও নিফটি

বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ লেনদেন দিবসে বড়সড় পতনের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। এদিন সকালে বাজার খোলার পরেই দালাল স্ট্রিটে ধস নামে, যার জেরে এক ধাক্কায় ৫০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও প্রায় ১৫৯ পয়েন্টের পতন নথিভুক্ত করেছে। বুধবারের স্বস্তির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাজারের এই টালমাটাল অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের।
বাজার বিশেষজ্ঞদের মতে, বুধবার ইরান এবং আমেরিকা-ইসরায়েলের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার খবর আসতেই বিশ্ববাজারের চিত্র বদলে গিয়েছিল। তার ইতিবাচক প্রভাব সরাসরি পড়েছিল ভারতীয় শেয়ার বাজারেও। সেনসেক্স ও নিফটি রেকর্ড গতিতে ছুটতে শুরু করায় বিনিয়োগকারীরা বড়সড় লক্ষ্মীলাভের আশায় ছিলেন। কিন্তু বৃহস্পতিবার বাজার খুলতেই সেই ছবি সম্পূর্ণ বদলে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ—উভয় ক্ষেত্রেই বিক্রির প্রবল চাপ লক্ষ্য করা যাচ্ছে।
এই মুহূর্তে বাজারের অস্থিরতা দেখে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। গতকালের চাঙ্গা ভাব উধাও হয়ে আজ ফের নিম্নমুখী গ্রাফ দেখা দেওয়ায় পকেট ফাঁকা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও অভ্যন্তরীণ বাজারে কেন এই হঠাৎ ধস, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে বিনিয়োগ মহলে। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের বদলে এই পতন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার।