মদ্যপ স্বামীর নিত্যদিনের অত্যাচার থেকে বাঁচতে চরম পদক্ষেপ স্ত্রী ও নাবালকের

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে মদের নেশায় পরিবারের ওপর লাগাতার অত্যাচারের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই স্ত্রী ও ১২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম ললিত কুমার ভার্মা। বুধবার দুপুরে বারাবাঁকির মাসাউলি থানা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পারিবারিক বিবাদ চরম পর্যায়ে পৌঁছানোয় ধৈর্য হারিয়ে মা ও ছেলে মিলে এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ললিত কুমার ভার্মা দীর্ঘ ১৫ বছর আগে বিয়ে করেছিলেন। তাঁদের পরিবারে ১২ বছরের এক পুত্র সন্তান ও ৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। ললিত প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের ওপর পাশবিক অত্যাচার চালাতেন। বুধবার দুপুরেও মদ্যপান করে তিনি পরিবারের সদস্যদের মারধর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা চলাকালীন তাঁর স্ত্রী ও নাবালক পুত্র লাঠি দিয়ে ললিতের মাথায় সজোরে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মাসাউলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্ত্রী ও তাঁর ১২ বছর বয়সী ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক হিংসা ও দীর্ঘদিনের চাপা উত্তেজনার কারণেই এই মর্মান্তিক পরিণতি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।