শ্যামপুরে হিরণের মনোনয়ন পেশ হতেই বিস্ফোরক প্রথম স্ত্রী, অনিন্দিতা রক্ষিতা মন্তব্যে তুঙ্গে বিতর্ক

আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা-রাজনীতিবিদ হিরণ্ময় চট্টোপাধ্যায়। তবে মনোনয়ন পেশের পরেই তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র পারিবারিক ও রাজনৈতিক বিতর্ক। বুধবার জমা দেওয়া হলফনামায় হিরণ তাঁর সঙ্গী হিসেবে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। সেখানে নিজেকে ‘আইনত বিবাহিত’ কিন্তু ‘বিচ্ছিন্ন’ (সেপারেটেড) হিসেবে দাবি করেছেন এই বিজেপি নেতা।
হিরণের এই পদক্ষেপের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া আক্রমণ শানিয়েছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। সরাসরি নাম না নিলেও হিরণের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, মনোনয়নে কি ‘রক্ষিতা’র নাম উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধান কি এমনটা করার অনুমতি দেয়? উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ঋতিকা গিরিকে বিয়ে করা নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছিলেন খড়গপুরের বিদায়ী বিধায়ক। প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সেই সময় জল অনেক দূর গড়িয়েছিল।
মার্চ মাসে পদ্মশিবিরের প্রার্থী তালিকায় নাম আসার পর থেকেই অনিন্দিতা দাবি করেছিলেন যে, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। ফলে মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে, তা দেখার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত হলফনামায় অনিন্দিতার নাম থাকলেও দ্বিতীয় স্ত্রী ঋতিকার প্রসঙ্গ এড়িয়ে গেছেন হিরণ। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটমুখী শ্যামপুরে এখন জোর চর্চা শুরু হয়েছে। দলের অন্দরে ও বাইরে হিরণের ব্যক্তিগত জীবনের এই বিতর্ক নির্বাচনী লড়াইয়ে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।