স্ত্রীর অত্যাচার সইতে না পেরে রেললাইনে ঝাঁপ স্বামীর, সুইসাইড নোটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মহারাষ্ট্রের কল্যাণে পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আম্বরনাথ ও বদলাপুর স্টেশনের মাঝে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ বছর বয়সী রবিকান্ত আদাঙ্গলে। মৃত্যুর আগে লিখে যাওয়া এক দীর্ঘ সুইসাইড নোটে নিজের স্ত্রী রেশমি, শাশুড়ি অরুণা এবং শ্যালিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। পুলিশ ইতিমধ্যেই সুইসাইড নোটটি উদ্ধার করেছে।
তদন্তে জানা গেছে, একটি বেসরকারি সংস্থায় কর্মরত রবিকান্ত তাঁর স্ত্রী, ১৫ বছরের সন্তান, বৃদ্ধা মা এবং বোনের সঙ্গে থাকতেন। তবে বেশ কিছু সময় ধরে তাঁর স্ত্রী রেশমি আলাদা সংসার করার জন্য চাপ দিচ্ছিলেন। মা ও বোনকে ছেড়ে না যাওয়ায় রবিকান্তের ওপর অত্যাচার শুরু হয়। এমনকি তাঁর জন্য বাড়িতে রান্না করাও বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দিনের পর দিন তাঁকে বাইরের খাবারের ওপর নির্ভর করতে হতো। শাশুড়ি ও আত্মীয়দের ক্রমাগত উস্কানি এই বিবাদকে আরও চরম পর্যায়ে নিয়ে যায়।
কল্যাণ গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় স্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সুইসাইড নোটের বয়ান অনুযায়ী, রবিকান্তকে তাঁর স্ত্রী “হয় আলাদা থাকো, নয়তো নরক ভোগ করো” বলে হুমকি দিতেন। বৃদ্ধা মা ও বোনের প্রতি কর্তব্যে অবিচল রবিকান্ত শেষ পর্যন্ত মানসিক অবসাদে এই চরম পথ বেছে নেন। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।