কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয় কুমার, ছাত্রজীবনের গোপন কথা ফাঁস খিলাড়ির

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার মানেই পর্দায় অ্যাকশন আর রোম্যান্সের টানটান উত্তেজনা। তবে রুপালি পর্দার এই সুপারস্টার যে ছাত্রজীবনে ‘ব্যাকবেঞ্চার’ ছিলেন এবং একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, সেই তথ্য সামনে আসতেই তাজ্জব বনে গেছেন অনুরাগীরা। বর্তমানে ‘হুইল অফ ফরচুন’ শো-এর সঞ্চালনা করছেন অক্ষয়। সেখানেই নিজের দীর্ঘদিনের বাল্যবন্ধুদের উপস্থিতিতে নিজের স্কুলজীবনের এই অজানা অধ্যায় সপাটে ফাঁস করলেন অভিনেতা।
শো চলাকালীন অক্ষয় জানান, কিন্ডারগার্টেন অর্থাৎ কেজি থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চলাকালীন তিনি মোট তিনবার ফেল করেছিলেন। পরীক্ষায় পাশ করাই ছিল তাঁর কাছে এক বিশাল চ্যালেঞ্জ। নিজের দীর্ঘদিনের বন্ধু জিনেশের সঙ্গে খুনসুটিতে মেতে উঠে অক্ষয় স্বীকার করেন যে, তাঁরা দুজনেই পড়াশোনার চেয়ে আড্ডা আর দুষ্টুমি নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টার ছলে অভিনেতা জানান, স্কুলের শেষ বেঞ্চে বসে অতি কষ্টে দিন পার করতেন তিনি।
শুধু পড়াশোনায় পিছিয়ে থাকাই নয়, বন্ধুদের পুরোনো অভ্যাসের কথা বলতে গিয়েও মজার ছলে হাটে হাঁড়ি ভেঙে দেন আক্কি। তিনি জানান, তাঁর বন্ধু জিনেশ নাকি মেয়েদের দেখার নেশায় সাইকেল নিয়ে পুরো শহর টহল দিতেন। যদিও পালটা জবাবে বন্ধু জিনেশও রসিকতা করে বলতে ছাড়েননি যে, এই কাজে অক্ষয়ের ভূমিকাও কম ছিল না। দুই পুরোনো বন্ধুর এই শৈশব স্মৃতিচারণা এবং পালটাপালটি অভিযোগে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়।
পেশাদার জীবনের ব্যস্ততার মাঝেও অক্ষয় এখন তাঁর আগামী ছবি ‘ভূত বাংলা’-র প্রচার নিয়ে ব্যস্ত। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ভৌতিক রহস্য আর হাসির মিশেলে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই পারদ চড়ছিল, তার মধ্যে পর্দার সুপারস্টারের এমন ‘ফেল করা’ ছাত্রজীবনের কাহিনী ইন্টারনেটে নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভক্তরা অক্ষয়ের এই অকপট স্বীকারোক্তিকে সাধুবাদ জানিয়েছেন।