সবরিমালা বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি, নাগরত্নার করা প্রশ্ন ঘিরে দেশজুড়ে তোলপাড়

সুপ্রিম কোর্টে সবরিমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার সংক্রান্ত শুনানিতে এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর মোড় এসেছে। বিচারপতি বি.ভি. নাগরত্না ঋতুস্রাবকালীন নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, কেন একজন নারীকে তিন দিন ‘অস্পৃশ্য’ হিসেবে গণ্য করে চতুর্থ দিনে হঠাৎ ‘পবিত্র’ বলে মেনে নেওয়া হয়। বিচারপতির এই মন্তব্যের পর পুরো আদালত কক্ষ কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়।
বিচারপতি নাগরত্না স্পষ্ট জানান, ঋতুস্রাবের ভিত্তিতে নারীদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া কোনো ধর্মীয় প্রথা হতে পারে না, বরং এটি স্পষ্ট লিঙ্গবৈষম্য। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের তৎকালীন রায়ে নারীদের বহিষ্কারকে ‘অস্পৃশ্যতার’ সমতুল্য বলে অভিহিত করা হয়েছিল। বিচারপতি নাগরত্না সেই প্রেক্ষাপটেই বর্তমান সামাজিক ও মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই যুক্তির তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেন, সবরিমালার বিধিনিষেধ কেবল নির্দিষ্ট বয়সের (১০ থেকে ৫০ বছর) নারীদের জন্য এবং এটি অস্পৃশ্যতা নয় বরং দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য। তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে অন্যান্য আয়াপ্পা মন্দিরে নারীদের প্রবেশাধিকার রয়েছে, তবে সবরিমালার গুরুত্ব এবং প্রথা অনন্য। বর্তমানে ৯ বিচারপতির একটি বৃহত্তর বেঞ্চে এই সাংবিধানিক পর্যালোচনার শুনানি চলছে।