ভোটের মুখে খড়্গপুরে রণকৌশল সাজালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মীদের দিলেন বিশেষ টনিক

ভোটের মুখে খড়্গপুরে রণকৌশল সাজালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মীদের দিলেন বিশেষ টনিক

পশ্চিম মেদিনীপুরে ভোটের দামামা বাজার মাত্র ১৪ দিন আগে জেলা নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়্গপুরের চৌরঙ্গী এলাকার একটি লজে দুই দফায় এই বৈঠক সম্পন্ন হয়। জেলায় প্রার্থী নির্বাচন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ প্রশমন এবং নির্বাচনী রণকৌশল ঠিক করতেই মূলত এই আলোচনার আয়োজন বলে জানা গেছে। বৈঠকে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া সহ জেলার ১৫ জন প্রার্থী ও গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রের খবর, প্রার্থী তালিকায় রদবদল নিয়ে জেলা তৃণমূলের একাংশের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ কাটাতে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। কাজের নিরিখে পদ দেওয়ার নীতিতে অনড় থেকে তিনি কর্মীদের লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। বৈঠক শেষে সাংসদ জুন মালিয়া জানান, ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের যথেষ্ট ‘ভিটামিন ডোজ’ দিয়েছেন এবং তাঁদের নতুন করে উজ্জীবিত করেছেন। সমন্বয় নিয়ে কোনও বড় সমস্যা নেই দাবি করে তিনি জানান, এখন লক্ষ্য কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মেদিনীপুর জেলার ১৫টি আসনের সবকটি জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে টিকিট না পাওয়া নিয়ে যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা মেটাতে এর আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া বার্তা দিয়েছিলেন। পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থী বাছাই করায় যারা ক্ষুব্ধ ছিলেন, তাঁদের মানিয়ে নিয়ে একজোট হয়ে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। নির্বাচনের মাত্র ১২ দিন প্রচার বাকি থাকতে অভিষেকের এই সফর জেলা কর্মীদের মনোবল বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *