শুভেন্দুর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত সৌরভ, শনিবার কি ব্রিগেডে দেখা যাবে ‘মহারাজ’কে?

বাংলায় ঐতিহাসিক পালাবদলের পর এখন সবার নজর শনিবারের মেগা অনুষ্ঠানের দিকে। ব্রিগেডে আয়োজিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকা সবথেকে আকর্ষণীয় নাম হলো সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি হিসেবে তাঁর কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিজেপির আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র। এখন প্রশ্ন হলো, প্রাক্তন বিসিসিআই সভাপতি কি কাল শেষ পর্যন্ত ব্রিগেডের ভিভিআইপি জোনে উপস্থিত থাকবেন?
অমিত শাহের নৈশভোজ বনাম মমতার স্পেন সফর
সৌরভের সঙ্গে বিজেপির সমীকরণ বরাবরই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু। কয়েক বছর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং বেহালায় সৌরভের বাড়িতে গিয়ে নৈশভোজ সেরেছিলেন। সেই সময় মহারাজের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও তিনি সচেতন দূরত্ব বজায় রেখেছিলেন। পরবর্তীকালে দেখা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছে। রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর সঙ্গী হয়ে স্পেন সফরেও গিয়েছিলেন তিনি। মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তৎপরতার প্রশংসাও করেছিলেন সৌরভ।
বিজেপির সৌজন্য ও সৌরভের অবস্থান
সৌরভকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে বিজেপির দাবি, এটি নিছকই একটি সৌজন্যমূলক পদক্ষেপ। দলের এক মুখপাত্র জানিয়েছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার আইকন এবং সিএবি সভাপতি। ওনাকে আমন্ত্রণ জানানোটা আমাদের রাজনৈতিক সৌজন্যের অঙ্গ। বিজেপি কোনও সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না।” অন্যদিকে, সৌরভ ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, আমন্ত্রণ পাওয়ার পর শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মহারাজের। সব ঠিক থাকলে কাল ব্রিগেডের মঞ্চে তাঁকে দেখা যেতেই পারে।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।