ত্রাণের জাহাজে যোগ দেওয়ার মাশুল, স্পেন ও ব্রাজিলের দুই কর্মীকে বহিষ্কার করল ইজরায়েল

গাজাগামী মানবিক ত্রাণের জাহাজে (ফ্লোটিলা) সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে দুইজন বিদেশি নাগরিককে দেশছাড়া করল ইজরায়েল। বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে একজন স্পেনের নাগরিক এবং অন্যজন ব্রাজিলের নাগরিক। রবিবার ইজরায়েল সরকারের পক্ষ থেকে সইফ আবু কেশেক এবং থিয়াগো আভিলা নামে দুই মানবাধিকার কর্মীকে বিমানযোগে তাঁদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইজরায়েল ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
জঙ্গি যোগ ও বেআইনি কার্যকলাপের অভিযোগ
ইজরায়েলি বিদেশ দপ্তর এই বহিষ্কারের স্বপক্ষে বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে এনেছে। তাদের দাবি অনুযায়ী, স্পেনের নাগরিক সইফ আবু কেশেক একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। অন্যদিকে, ব্রাজিলের নাগরিক থিয়াগো আভিলার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ইজরায়েল-বিরোধী বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকার সন্দেহ করা হচ্ছে। ইজরায়েল প্রশাসনের মতে, ত্রাণের আড়ালে এই কর্মীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিলেন, যার ফলেই এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্কে প্রভাবের আশঙ্কা
গাজার অবরুদ্ধ সাধারণ মানুষের জন্য সাহায্য নিয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইজরায়েলি নৌবাহিনীর কড়াকড়ি নতুন কিছু নয়। তবে স্পেন ও ব্রাজিলের মতো দেশের নাগরিকদের এভাবে বহিষ্কার করার ঘটনায় আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইজরায়েলের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে। বিশেষ করে যেখানে মানবাধিকার কর্মীরা ত্রাণের কথা বলছেন, সেখানে জঙ্গি যোগের অভিযোগ তুলে বহিষ্কার করার বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।