বিচার পেতে লাশের মিছিল! সাইকেলে করে ১২ কিমি পথ পেরিয়ে থানায় পৌঁছাল পরিবার

ওড়িশার বালাসোর জেলায় বিচার পাওয়ার আশায় এক নারীর মরদেহ সাইকেলে চাপিয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানায় হাজির হলেন স্বজনরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার খৈরা থানায় এই নজিরবিহীন কায়দায় প্রতিবাদ জানান তাঁরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহত নারীর নাম কমলা শেঠি (৪৫), তিনি বালাসোর জেলার হরিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত রবিবার একটি নির্মাণ প্রকল্পের কাজ নিয়ে স্থানীয় পর্যায়ে বিবাদ শুরু হয়। সেই সংঘর্ষে কমলা গুরুতর জগত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তাঁর জা শকুন্তলা শেঠিও মারাত্মকভাবে জখম হয়ে বর্তমানে কটকের এসসিবি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। স্বজনদের অভিযোগ, বারবার থানায় যোগাযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে অবহেলা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই তাঁরা মরদেহ সাইকেলের ক্যারিয়ারে বেঁধে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে এই করুণ দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রশাসনের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি
বালাসোরের পুলিশ সুপার প্রত্যুষ দিবাকর অবশ্য পুলিশের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। পুলিশ সুপারের দাবি, পরিবারটি যখন মরদেহ নিয়ে আসছিল, তখন তাদের পেছনে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল, কিন্তু তাঁরা সেটি ব্যবহারে অস্বীকৃতি জানান।
#WATCH | Balasore, Odisha: One dead after being violently attacked by relatives over a family dispute in Balasore. Local outrage intensifies after the deceased's body was reportedly transported on a bicycle. (12.05) pic.twitter.com/FwTkm2F0hF
— ANI (@ANI) May 13, 2026
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার ফলে জনমনে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিলেও, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।