চিনতে পাচ্ছিনা প্রিয় নায়িকাকে, প্লাস্টিক সার্জারির গুঞ্জনে ফের বিদ্ধ অনুষ্কা শর্মা!

দীর্ঘ আট বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। তবে তাঁর এই প্রত্যাবর্তন ভক্তদের মনে স্বস্তির চেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে অভিনেত্রীর লুক দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনুরাগীদের বড় একটি অংশের দাবি, অভিনেত্রীর মুখশ্রীতে অস্বাভাবিক পরিবর্তন এসেছে, যা কি না কোনো প্লাস্টিক সার্জারি বা কসমেটিক ট্রিটমেন্টের ফল হতে পারে।
লুক নিয়ে নেটপাড়ায় হইচই
বিজ্ঞাপনী ভিডিওটিতে অনুষ্কাকে দেখে অনেকেই মন্তব্য করেছেন যে তাঁকে চেনা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনদের একাংশের মতে, তাঁর মুখ আগের মতো স্বাভাবিক লাগছে না। এমনকি বার্ধক্যের ছাপ নিয়েও কটু মন্তব্য ধেয়ে এসেছে। যদিও ভক্তদের একটি অংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, অনুষ্কা এখন দুই সন্তানের মা, তাই মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনের প্রভাব তাঁর চেহারায় পড়াটাই স্বাভাবিক। তবে এই তত্ত্বে মন গলেনি সিংহভাগ অনুরাগীর, তাঁরা এখনো সেই ‘রব নে বানা দি জোড়ি’র চনমনে মেয়েটিকেই ফিরে পেতে চান।
ব্যক্তিগত জীবন ও থমকে যাওয়া কেরিয়ার
দীর্ঘদিন ধরেই লন্ডনে সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত বিরাট-ঘরণি। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে কামব্যাকের কথা থাকলেও সিনেমাটির ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত। গ্ল্যামার জগত ও বলিউডের হাইপ্রোফাইল পার্টি থেকে দূরত্ব বজায় রেখে অনুষ্কা এখন বেশি সময় দিচ্ছেন আধ্যাত্মিক চর্চা ও দুই সন্তান ভামিকা ও অকায়ের লালন-পালনে। এই দীর্ঘ বিরতি এবং লুক নিয়ে চলমান বিতর্ক তাঁর ভবিষ্যৎ অভিনয় কেরিয়ারের ওপর বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় তারকাকে ফিরে পেয়েও তাঁর চেহারার এই বদল ভক্তদের প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে।