নিয়োগ দুর্নীতি রুখতে শুভেন্দুর মেগা ঘোষণা, পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন ওএমআর শিট

রাজ্যে সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে একগুচ্ছ বড়সড় সংস্কারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদহের ‘রোজগার মেলা’য় যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, অতীতের সমস্ত ক্ষতে প্রলেপ দিয়ে এবার সম্পূর্ণ নতুনভাবে সাজানো হবে নিয়োগ প্রক্রিয়া। আগামীদিনে রাজ্যের সবকটি নিয়োগ সংস্থার সাথে বৈঠক করে এই রূপরেখা চূড়ান্ত করা হবে।
স্বচ্ছতার স্বার্থে আমূল বদল
পূর্বতন তৃণমূল সরকারের আমলে শিক্ষা থেকে শুরু করে পুরসভা নিয়োগ— একের পর এক দুর্নীতি এবং তা নিয়ে আদালতের নজিরবিহীন হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মতো ঘটনা রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে উল্লেখ করে তিনি জানান, এবার থেকে পরীক্ষা ব্যবস্থায় কারচুপি রুখতে পরীক্ষার্থীদের হাতেই ওএমআর (OMR) শিটের কার্বন কপি বা জেরক্স কপি তুলে দেওয়া হবে। পরীক্ষা শেষে সেই কপি প্রার্থীরা নিজেদের বাড়ি নিয়ে যেতে পারবেন। ফলে মূল মূল্যায়নের সাথে নিজেদের উত্তরের অসঙ্গতি থাকলে তা সহজেই ধরা পড়বে।
কমছে ভাইবার নম্বর, লক্ষ্য দুর্নীতি মুক্ত করা
নিয়োগের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় কারচুপির সম্ভাবনা সবসময় বেশি থাকে। এই ফাঁকফোকর বন্ধ করতে ভাইবা বা ওরাল পরীক্ষার নম্বর একধাক্কায় অনেকটাই কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। শুধু তাই নয়, মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হবে যাতে কোনো লুকোছাপা না থাকে। সামাজিক মাধ্যমে বা চিরকুটের মাধ্যমে বেআইনি নিয়োগের দিন শেষ বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের নিয়োগ কাঠামোর আদলেই এবার রাজ্যে স্বচ্ছ পরীক্ষা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, বিগত সরকারের পতনের অন্যতম প্রধান কারণ ছিল নিয়োগ কেলেঙ্কারি ও যুবসমাজের পুঞ্জীভূত ক্ষোভ। সেই ক্ষোভে প্রলেপ দিতে এবং তরুণ প্রজন্মের আস্থা ফিরে পেতেই ক্ষমতায় এসে দ্রুত এই সংস্কারের পথে হাঁটল নতুন সরকার। এর ফলে আগামীদিনে আইনি জটিলতা যেমন কমবে, তেমনই প্রকৃত যোগ্য প্রার্থীরা নিজেদের অধিকার ফিরে পাবেন বলে মনে করা হচ্ছে।