স্কুলের প্রার্থনায় এবার বন্দে মাতরম, কড়া নজরদারিতে ভিডিও চাইল শিক্ষা দফতর

রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলিতে প্রভাতী সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে বড়সড় পদক্ষেপ নিল শিক্ষা দফতর। আগামী ১ জুন গ্রীষ্মকালীন ছুটির পর স্কুল খুললেই এই নতুন নিয়ম চালু হতে চলেছে। গত ১৪ মে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার সেই নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে স্কুলগুলির কাছ থেকে ভিডিও প্রমাণ সংগ্রহের নির্দেশ দিয়েছেন শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা। সম্প্রতি জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
বাধ্যতামূলক নির্দেশিকা ও প্রস্তুতির রূপরেখা
শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই নিয়মটি সমস্ত সাধারণ স্কুলের পাশাপাশি মাদ্রাসাগুলির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। ইতিমধ্যেই সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু করেছে। আগে স্কুলগুলির প্রার্থনাসভায় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়ার চল ছিল। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম’। এই গানের ছটি স্তবক গাইতে সামগ্রিকভাবে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড সময় লাগবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। নিয়ম কার্যকর করার প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলা বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে দফায় দফায় অনলাইন বৈঠকও সারছেন আধিকারিকরা।
র্যাশনালাইজেশন ও প্রশাসনিক সংস্কার
ভিডিও সংগ্রহের পাশাপাশি এই প্রশাসনিক বৈঠকে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও ব্যয় সংকোচনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্কুলগুলিকে কাগজের ব্যবহার কমিয়ে ‘ই-ফাইলিং’ ব্যবস্থা চালু করার এবং অনলাইন বৈঠকের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সমস্ত সরকারি স্কুলে বর্তমানে ছাত্রভর্তি শূন্য, সেগুলির একটি সুনির্দিষ্ট তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, শিক্ষাব্যবস্থার ‘র্যাশনালাইজেশন’ বা যৌক্তিকীকরণের অংশ হিসেবে শূন্য ছাত্রসংখ্যার স্কুলের শিক্ষকদের উদ্বৃত্ত বা বেশি ছাত্রসংখ্যা বিশিষ্ট স্কুলগুলিতে বদলি করা হতে পারে। এছাড়া দীর্ঘ ছুটির পর স্কুল খোলার আগে ক্যাম্পাস চত্বর সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশও জারি করা হয়েছে।