অন্যের নেতিবাচক মানসিকতা কি প্রতিনিয়ত গ্রাস করছে আপনাকে? চিনে নিন নিজেকে রক্ষার উপায়

যান্ত্রিক জীবনের ইঁদুরদৌড়ে আজকাল মানুষের মনের ওপর চাপ বাড়ছে প্রতিনিয়ত। অনেক সময়ই দেখা যায়, কোনো নির্দিষ্ট মানুষের সঙ্গে কথা বলার পর বা কোনো স্থান থেকে ফেরার পর শরীর ও মন তীব্র ক্লান্তিতে ভরে ওঠে। সর্বক্ষণ মনে হতে থাকে, একের পর এক খারাপ ঘটনা ঘটে চলেছে নিজের সঙ্গেই। মনোবিদ ও বিশেষজ্ঞদের মতে, এগুলো আসলে অন্য কারও নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভ এনার্জি’ নিজের মধ্যে শোষণ করে নেওয়ার লক্ষণ। কর্মক্ষেত্রের খিটখিটে সহকর্মী, সারাক্ষণ দুঃখ-কষ্টের কথা বলা বন্ধু কিংবা পরিবারের কোনো নেতিবাচক সদস্যের সংস্পর্শ মনের অজান্তেই শরীর ও মনের গভীর ক্ষতি করে চলেছে।
নেতিবাচক শক্তি গ্রাস করার মূল কারণ
অন্যের সমস্যার প্রতি অতিরিক্ত মাত্রায় সমব্যথী হওয়া এবং সেই দুঃখকে নিজের মনের ভেতর স্থায়ী জায়গা দেওয়া নেতিবাচকতা শোষণের অন্যতম বড় কারণ। এছাড়া অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অন্যকে খুশি করতে গিয়ে জোর করে ‘হ্যাঁ’ বলার মানসিকতাও মানুষকে এই চোরাবালিতে ঠেলে দেয়। নিজের কাজের মাঝে বিরতি না নিয়ে এক ক্লান্তি থেকে অন্য ক্লান্তিকর কাজে ঝাঁপ দেওয়া এবং সারাদিন ধরে টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল দুর্ঘটনা ও নেতিবাচক খবর দেখার ফলেও মানুষের মনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।
প্রভাব ও সচেতন হওয়ার পথ
ক্রমাগত এই নেতিবাচক শক্তি গ্রহণের ফলে একজন ইতিবাচক মানুষও দ্রুত তীব্র হতাশায় ডুবে যেতে পারেন, যার প্রভাব পড়ে তার দৈনন্দিন কর্মক্ষমতা ও সম্পর্কে। এই মানসিক বিপর্যয় থেকে রক্ষা পেতে নিজের প্রতি সচেতনতা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তির সাহচর্য মানসিক আনন্দ দিচ্ছে নাকি বিরক্তির উদ্রেক ঘটাচ্ছে, তা সবার আগে চিহ্নিত করা প্রয়োজন। মানসিক ক্লান্তি দূর করতে কাজের মাঝে নিজেকে কিছুটা সময় দেওয়া, জোর করে সর্বত্র সম্মতি না জানানো এবং বিষাদগ্রস্ত পরিবেশ থেকে দূরত্ব বজায় রাখা আবশ্যক। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে গিয়ে বই পড়া, বাগান করা বা পোষ্যের সঙ্গে সময় কাটানোর মতো ইতিবাচক অভ্যাসের মাধ্যমে এই মানসিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।