লেভেল ক্রসিংয়ের গেরো থেকে মুক্তি, রাজ্যজুড়ে শয়ে শয়ে আন্ডার ও ওভার ব্রিজ চালু করল পূর্ব রেল!

লেভেল ক্রসিংয়ের গেরো থেকে মুক্তি, রাজ্যজুড়ে শয়ে শয়ে আন্ডার ও ওভার ব্রিজ চালু করল পূর্ব রেল!

লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি দূর করতে এবং রাজ্যজুড়ে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এক বিশাল পরিকাঠামোমূলক পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব রেল। রেললাইনে দুর্ঘটনার আশঙ্কা শূন্যে নামিয়ে আনা এবং সাধারণ মানুষের যাতায়াত মসৃণ করার লক্ষ্যেই এই মেগা মিশন হাতে নেওয়া হয়েছিল। এই উদ্যোগের আওতায় রাজ্যজুড়ে ইতিমধ্যে মোট ৫৭৯টি রোড আন্ডার ব্রিজ (RUB) এবং ২০৭টি রোড ওভার ব্রিজ (ROB) সফলভাবে চালু করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের নেতৃত্বে এই পুরো মিশনের কাজটি সম্পন্ন হয়েছে।

গতি ফিরবে জনজীবনে, কমবে দুর্ঘটনার ঝুঁকি

দশকের পর দশক ধরে রাজ্যের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে ট্রেন পারাপারের জন্য সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এর ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতেন নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে থাকা আশঙ্কাজনক রোগীরাও। দীর্ঘ প্রতীক্ষার পাশাপাশি লেভেল ক্রসিংগুলোতে সবসময়ই ওত পেতে থাকত বড়সড় দুর্ঘটনার ঝুঁকি। পূর্ব রেলের এই নতুন উদ্যোগের ফলে একদিকে যেমন স্থানীয় এলাকার গতিশীলতার সঙ্গে কোনো আপস না করেই ট্রেনগুলো নিরাপদ ও দ্রুত গতিতে চলাচল করতে পারবে, অন্যদিকে তেমনই লেভেল ক্রসিং মুক্ত হবে রাস্তাঘাট। ফলে থমকে থাকা জনজীবনে ফিরবে দ্রুত গতি এবং চিরতরে দূর হবে দুর্ঘটনার আশঙ্কা।

ডিভিশন ভিত্তিক সাফল্যের খতিয়ান

এই বৃহৎ মিশনের আওতায় পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে রেকর্ড সংখ্যক ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, হাওড়া ডিভিশনে সবথেকে বেশি পরিকাঠামো উন্নয়ন হয়েছে, যেখানে ২৪৪টি রোড আন্ডার ব্রিজ এবং ৫৩টি রোড ওভার ব্রিজ চালু করা হয়েছে। এর ঠিক পরেই রয়েছে শিয়ালদহ ডিভিশন, সেখানে নির্মিত হয়েছে ১১৯টি রোড আন্ডার ব্রিজ এবং ৩৭টি রোড ওভার ব্রিজ। এ ছাড়া মালদা ডিভিশনে ১১২টি রোড আন্ডার ব্রিজ ও ৫০টি রোড ওভার ব্রিজ এবং আসানসোল ডিভিশনে ১০৪টি রোড আন্ডার ব্রিজের পাশাপাশি ৬৭টি রোড ওভার ব্রিজ চালু করা হয়েছে। পূর্ব রেলের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *