ফ্রি’র টিকিটে মহা বিপত্তি, সাত দিনের মধ্যে টাকা না দিলে বাতিল বিশ্বকাপের স্বপ্ন

ফ্রি’র টিকিটে মহা বিপত্তি, সাত দিনের মধ্যে টাকা না দিলে বাতিল বিশ্বকাপের স্বপ্ন

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই প্রযুক্তিগত ত্রুটির কবলে পড়ে বড়সড় বিপাকে পড়েছেন প্রায় ৬০ জন ফুটবল সমর্থক। ওয়েবসাইটের কারিগরি জটিলতায় ভুলবশত বিনামূল্যে ম্যাচের টিকিট পাওয়ার পরই বিষয়টি সামনে আসে। তবে ফিফা সাফ জানিয়ে দিয়েছে, টিকিট নিশ্চিত করতে হলে দর্শকদের নির্ধারিত মূল্য পরিশোধ করতেই হবে।

সাত দিনের সময়সীমা

জানা গেছে, ৩ জুন প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই দর্শকদের কাছে টিকিটগুলো শূন্য ডলারে বরাদ্দ হয়েছিল। ফিফা সংশ্লিষ্ট সমর্থকদের জানিয়েছে, তাদের টিকিট এখনো সংরক্ষিত রয়েছে, তবে আগামী সাত দিনের মধ্যে পূর্ণ অর্থ পরিশোধ না করলে বুকিং বাতিল হয়ে যাবে। মূলত কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের ম্যাচগুলোর ক্ষেত্রেই এই জটিলতা তৈরি হয়েছে। এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করলেও আর্থিক লেনদেনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিতর্ক

এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন ২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। এবারের ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য ১০,৯৯০ মার্কিন ডলার ধার্য করা হয়েছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই মূল্যবৃদ্ধিকে বাজারের বাস্তবতার নিরিখে সঠিক বলেই দাবি করেছেন। তাঁর মতে, টিকিটের দাম কম রাখা হলে সেগুলো কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির সম্ভাবনা বেড়ে যায়।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হচ্ছে। ৪৮টি দলের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচের এই বিশাল আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকলেও, টিকিটের মূল্য ও সাম্প্রতিক প্রযুক্তিগত বিড়ম্বনা ভক্তদের মনে বাড়তি অস্বস্তি তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *