ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে শওকত মোল্লা, আদালত চত্বরে তীব্র বিক্ষোভ

ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতারের পর শনিবার তাঁকে কলকাতার নগরদায়রা আদালতে হাজির করাল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। শুক্রবার রাতে গ্রেফতারের পর থেকেই শওকতকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। শনিবার দুপুরে তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বিধাননগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কড়া নিরাপত্তার বলয়ে আদালতে হাজির করানো হয়।
আদালত চত্বরে তুমুল বিক্ষোভ ও বিশৃঙ্খলা
শওকতকে আদালতে নিয়ে আসার সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। প্রাক্তন বিধায়ককে দেখামাত্রই তারা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ক্ষুব্ধ জনতাকে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে দেখা যায়। এমনকী, এনআইএ-র গাড়ি লক্ষ্য করে জলের বোতলও ছোড়া হয়। ক্যানিং থেকে আসা অনেক বিক্ষোভকারী শওকতের কঠোর শাস্তির দাবিতে সরব হন। দীর্ঘদিনের রাজনৈতিক অত্যাচার ও মামলার বিচার না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
গ্রেফতারির নেপথ্যে দীর্ঘদিনের তদন্ত
ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ দীর্ঘদিন ধরেই শওকত মোল্লার খোঁজ করছিল। তদন্তকারীদের নজর এড়িয়ে তিনি পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন এমন অভিযোগও ছিল। সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশ পালানোর ছক কষে দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়েও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত শুক্রবার চিংড়িঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারীরা মনে করছেন, শওকতের এই গ্রেফতারি ভাঙড় এলাকার রাজনৈতিক সন্ত্রাসের নেপথ্যে থাকা বড়সড় নেটওয়ার্কের হদিস পেতে সাহায্য করবে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।