নেহরুর রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটানা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বুধবার, ১০ জুন একটানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করে তিনি জওহরলাল নেহরুর দীর্ঘ মেয়াদের রেকর্ড ভেঙেছেন। ১৯৫২ সালের ১৩ মে থেকে ১৯৬۴ সালের ২৭ মে পর্যন্ত নেহরু একটানা ৪,৩৯৮ দিন এই পদে ছিলেন। ২০১৪ সালের ২৬ মে শপথ নেওয়ার পর থেকে পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে মোদি এই অনন্য নজির গড়লেন। এর আগে গত বছরের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের রেকর্ড অতিক্রম করেছিলেন।
বিশ্বনেতাদের প্রশংসা ও কূটনৈতিক প্রতিক্রিয়া
নয়া এই রেকর্ড গড়ার পর নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্ব নেতারা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক চিঠিতে ভারতের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আস্থার কথা উল্লেখ করেছেন। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে তাঁকে আদর্শ নেতা হিসেবে উল্লেখ করে ২০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তোলার প্রশংসা করেছেন। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিরাও আন্তর্জাতিক ক্ষেত্রে মোদির নেতৃত্বের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেছেন।
উন্নয়ন ভাবনা ও জনঅন্দোলনের রূপান্তর
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘস্থায়ী সাফল্যের পেছনে রয়েছে শাসন কৌশলের মৌলিক পরিবর্তন। নেহরুর আমলে সদ্য স্বাধীন দেশকে গড়ে তোলার দায়িত্ব মূলত সরকারি যন্ত্রের উপর ন্যস্ত থাকলেও, মোদি সরকার ১৪০ কোটির বেশি জনসংখ্যার দেশে ভিন্ন কৌশল অবলম্বন করেছে। স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল পেমেন্ট বা টিকাকরণের মতো বৃহৎ লক্ষ্য পূরণে শুধুমাত্র সরকারের উপর নির্ভর না করে, নাগরিকদের উন্নয়নের অংশীদার করার উদ্যোগ নেওয়া হয়। সরকারি প্রকল্পগুলোকে জনআন্দোলনের রূপ দেওয়াই এই দীর্ঘ রাজনৈতিক স্থায়িত্বের অন্যতম প্রধান কারণ, যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের সার্বিক উন্নয়ন ও জনজীবনে।