রাস্তায় সরকারি বাস বাড়বে! পরিবহন ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের

রাস্তায় সরকারি বাস বাড়বে! পরিবহন ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের

নতুন দায়িত্ব পাওয়ার পরেই বুধবার পরিবহণ ও শ্রম দপ্তরে পৌঁছান মন্ত্রী অর্জুন সিং। দপ্তরের আধিকরিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সাধারণ মানুষ কেন রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস পাচ্ছেন না এবং ট্রামের বর্তমান পরিস্থিতি কী, তা নিয়ে আধিকারিকদের কাছে কড়া জবাবদিহি চান মন্ত্রী। পাশাপাশি, এই সমস্ত বিষয় খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

যাত্রী ভোগান্তি ও বাসের সংকট দূর করার নির্দেশ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং স্পষ্ট জানান, তাঁর প্রধান অগ্রাধিকার হবে রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, পর্যাপ্ত বাস না পাওয়ার সমস্যাটি প্রচারে গিয়েও তিনি শুনেছেন। পরিবেশ দূষণ রোধ ও আধুনিকীকরণের স্বার্থে ইলেকট্রিক বাস নামানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, সরকারি বাসের চালক ও কর্মীদের বিভিন্ন সমস্যা, যেমন তেল চুরি এবং অন্যান্য অব্যবস্থাপনা কঠোর হাতে দমন করার বার্তা দিয়েছেন তিনি। তবে রাজ্য সরকারের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

পুরোনো ফাইলের খোঁজে ও দুর্নীতির তদন্ত

বাম আমলের প্রাক্তন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে অর্জুন সিং বলেন, অতীতে তিনি সুভাষবাবুকে কিছু প্রশ্ন করেছিলেন, এখন সেই দপ্তরে এসে ফাইল ঘেঁটে সেই বিষয়গুলো তিনি নিজে খতিয়ে দেখবেন। একইসঙ্গে বিগত দিনে বিভিন্ন ডিপোর জমি বেচে দেওয়ার অভিযোগ তুলে তিনি কড়া তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন। অবহেলিত শ্রম দপ্তর নিয়েও তাঁর পরিকল্পনা রয়েছে বলে জানান। শ্রমিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যুক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রম দপ্তরের সার্বিক উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি। সামগ্রিকভাবে, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করাই নতুন মন্ত্রীর প্রধান লক্ষ্য হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *