বর্ষায় হাসবে আপনার বাগান, বর্ষা নামার আগে জরুরি প্রস্তুতি!

বর্ষায় হাসবে আপনার বাগান, বর্ষা নামার আগে জরুরি প্রস্তুতি!

মেঘের গুরুগুরু ডাক জানান দিচ্ছে বর্ষা এসে গেছে। রিমঝিম বৃষ্টির মরশুম প্রকৃতিতে স্বস্তি নিয়ে এলেও সাধের বাগানের জন্য এটি একটি বেশ চ্যালেঞ্জিং সময়। টানা বৃষ্টির কারণে টবে জল জমে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়, যা গাছ নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। মূলত অতিরিক্ত জলের কারণে শিকড় পচে যাওয়া এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোকা ও ছত্রাকের উপদ্রব বহুগুণ বেড়ে যায়। তাই বর্ষণমুখর দিনগুলোতে বাগানকে ফুলে-ফলে ও সতেজ রাখতে এখন থেকেই কিছু আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

জল নিষ্কাশন ও টবের পরিচর্যা

টানা বৃষ্টির ফলে গাছের গোড়ায় জল জমে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে, যা গাছকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই মারাত্মক সমস্যা এড়াতে টবের নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম সবার আগে খতিয়ে দেখতে হবে। টবের নিচের ছিদ্রগুলোতে মাটি জমে জল আটকে গেলে তা কাঠি দিয়ে পরিষ্কার করে আলগা করে দেওয়া প্রয়োজন। এছাড়া টব সরাসরি মেঝেতে না রেখে ইট বা লোহার তাকে বসানো উচিত, যাতে অতিরিক্ত জল সহজেই নিষ্কাশন হতে পারে। পাশাপাশি, ছাদ বা বারান্দার ড্রেন ও নিকাশি পাইপ যাতে বৃষ্টির জলে ধুয়ে যাওয়া মাটি দিয়ে বুজে না যায়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।

মাটির পুষ্টিগুণ বৃদ্ধি ও নতুন চারা রোপণ

বর্ষার মিষ্টি জল পেয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি অনেক দ্রুত হয়, যার ফলে গাছটির এই সময়ে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই টবের মাটিতে পরিমাণ মতো জৈব সার মিশিয়ে দেওয়া উচিত। মাটির পুষ্টিগুণ অটুট থাকলে গাছ যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও সতেজ থাকতে পারে। এছাড়া নতুন গাছ বা চারা রোপণের জন্যও এই সময়টি দারুণ উপযোগী। বর্ষার মরশুমি ফুল বা শাকসবজির চারা এই সময়ে রোপণ করলে তা খুব দ্রুত নতুন মাটি থেকে শিকড় ছড়ায় এবং দ্রুত বেড়ে ওঠে। সঠিক সময়ে এই সামান্য পরিচর্যাটুকু নিশ্চিত করলেই বর্ষার মরশুমেও আপনার বাগান হয়ে উঠবে প্রাণবন্ত ও সুন্দর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *