দক্ষিণবঙ্গেও পা রাখল বর্ষা! আগামী ২-৩ দিনে আরও বাড়বে দাপট, আজই কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

কলকাতা: দক্ষিণবঙ্গবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আরও কিছুটা অগ্রসর হল মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল, এবার চাতক পাখির মতো চাতক নজরে বসে থাকা দক্ষিণবঙ্গেও শুরু হয়ে গেল বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার মেঘ কাটতে আর বেশি সময় লাগবে না।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের আরও বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পুরোদমে প্রবেশ করার জন্য পরিস্থিতি এক্কেবারে অনুকূল। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল জলীয় বাষ্পের জেরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?
আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের এক-দুটি জায়গায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলবে।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা:
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।