আজও কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে তুমুল বৃষ্টি! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ, কোন কোন জেলায় কমলা সতর্কতা?
কলকাতা: অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজ্য। কেটেছে অস্বস্তিকর ভ্যাপসা গরম, কমেছে তাপমাত্রার পারদও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দিনভর রাজ্যজুড়ে থাকবে বৃষ্টিমুখর আবহাওয়া। শুধু বৃষ্টিই নয়, সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তাই ঘর থেকে বেরোনোর আগে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন এবং জেনে নিন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ‘কমলা সতর্কতা’
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী দুর্যোগের আশঙ্কা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। এই জেলাগুলিতে বজ্রপাতের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে শনিবার থেকে এই জেলাগুলিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং ঝড়ের গতিবেগ কমে ৪০-৫০ কিমি হতে পারে।
কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পরিস্থিতি
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির সাথে চমকাতে পারে বজ্রবিদ্যুৎ। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামীকাল, শনিবার থেকে এই জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। অন্যদিকে, মুর্শিদাবাদেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে হলুদ সতর্কতা, বর্ষার এন্ট্রি
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে। ফলে সেখানে নিয়মিত বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ থেকে ১৪ জুন পর্যন্ত পাহাড় ও ডুয়ার্স এলাকায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বর্ষা কতদূর?
উত্তরবঙ্গে বর্ষা জাঁকিয়ে বসলেও দক্ষিণবঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আবহাওয়া বিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গে বর্ষা আসার পর তা এবার দক্ষিণবঙ্গের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। যার জেরেই প্রাক-বর্ষার এই তুমুল বৃষ্টিতে ভিজছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো।