১৫ বছর ধরে নিখোঁজ ডাক্তার কারা? শেষ ১১ বছরের হাজিরা খতিয়ে দেখে কড়া ব্যবস্থার পথে স্বাস্থ্য দফতর

কলকাতা: সরকারি স্বাস্থ্য পরিষেবায় শৃঙ্খলা ফেরাতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। পশ্চিমবঙ্গের হেলথ সার্ভিস, ডেন্টাল সার্ভিস এবং পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে কর্মরত ডাক্তার ও চিকিৎসকদের গত ১১ বছরের উপস্থিতির খতিয়ান এবার স্ক্যানারের নিচে। ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত কোনো রকম অনুমোদন (Approval) ছাড়া কেউ দীর্ঘদিন ছুটি কাটিয়েছেন কি না, তা চিরুনি তল্লাশি করে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার সিএমওএইচ (CMOH), সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, অ্যানেক্স হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সুপারদের কাছে এই সংক্রান্ত কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী মাত্র ৭ দিনের মধ্যে সমস্ত মেডিক্যাল অফিসার ও ডাক্তারদের অনুপস্থিতির সম্পূর্ণ তথ্য বা ‘অ্যাবসেন্টি স্টেটমেন্ট’ স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অনেক সময়ই দেখা যায় কিছু চিকিৎসক নিয়মের তোয়াক্কা না করে বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন। এর ফলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে এসে চরম ভোগান্তির শিকার হন। এই বেনিয়ম রুখতেই এবার ২০১৫ থেকে শুরু করে গত ১১ বছরের সমস্ত পুরনো ফাইল ও হাজিরার খাতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিপোর্ট জমা না পড়লে সংশ্লিষ্ট হাসপাতালের প্রশাসনিক প্রধানদেরও জবাবদিহি করতে হতে পারে বলে জানা গেছে।