তোলাবাজি-দুর্নীতির অভিযোগের জের? বসিরহাটে আইএনটিটিইউসি রাজ্য সম্পাদকের রহস্যমৃত্যু!

বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-র এক শীর্ষ নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বসিরহাট থানার ১১ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় মৃত নেতার নাম বাবুলাল সাঁধুখা (৬০)। তিনি আইএনটিটিইউসি-র রাজ্য কমিটির সম্পাদক পদে ছিলেন। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও বাবুলালবাবু ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাঁর ঘরের দরজায় ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় শেষমেশ দরজা ভাঙা হয়। ঘরের ভেতরে ঢুকতেই সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায়।
নেপথ্যে কি তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ?
স্থানীয় ও পারিবারিক সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বাবুলালবাবুর বিরুদ্ধে এলাকায় বিপুল টাকা তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে এলাকার অটোচালকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি তীব্র মানসিক ও রাজনৈতিক অবসাদে ভুগছিলেন।
১১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুবীর সরকার এই প্রসঙ্গে জানান, “মৃত্যুর প্রকৃত কারণ কী, তা পুলিশ তদন্ত করে দেখুক। তবে ওঁর ওপর একটা মানসিক ও রাজনৈতিক চাপ তো ছিলই। গত কয়েকদিন ধরে উনি বাড়ি থেকে একদমই বের হচ্ছিলেন না।” দুর্নীতির চাপেই এই চরম সিদ্ধান্ত নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।