বাঙালির পাতে মরসুমের প্রথম ইলিশ, জামাইষষ্ঠীর আগে জানুন বাজারদর!

দীর্ঘ দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে অবশেষে বাঙালির পাতে উঠতে চলেছে রূপোলি শস্য। গত ১৪ জুন গভীর রাত থেকে মৎস্যজীবীদের ট্রলার সমুদ্রে পাড়ি দেওয়ার পরই বাংলার বাজারগুলোতে দেখা মিলেছে মরসুমের প্রথম ইলিশের। স্থানীয় মৎস্যজীবীদের জালে ধরা পড়া এই ইলিশ ঘিরেই এখন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে।
ওজন ও বর্তমান বাজারদর
সুন্দরবনের মুড়িগঙ্গা, হাতানিয়া দোয়ানিয়া ও সপ্তমুখীর মতো ছোট নদীগুলিতে ডিঙি নৌকার সাহায্যে স্থানীয় মৎস্যজীবীরা এই মাছ ধরছেন। জোয়ারের সময় পাতা বিন্দি জালে ইতিমধ্যেই ইলিশ উঠতে শুরু করেছে। কাকদ্বীপ পালবাজার সহ স্থানীয় বাজারগুলোতে আসা প্রতিটি ইলিশের ওজন বর্তমানে ৩৫০ থেকে ৪০০ গ্রামের মধ্যে। মরসুমের প্রথম মাছ হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং বর্তমানে এটি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিপুল জোগান ও দাম কমার সম্ভাবনা
টানা দু’মাস মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বা ‘ব্যান পিরিয়ড’ চলার কারণে এবার সমুদ্রে ও নদীতে প্রচুর ইলিশের ঝাঁক থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্যজীবী সংগঠনগুলির আশা, জামাইষষ্ঠীর আগেই গভীর সমুদ্রে পাড়ি দেওয়া বহু ট্রলার বিপুল পরিমাণ মাছ নিয়ে উপকূলে ফিরে আসবে। এর ফলে উৎসবের আগেই বাজারে ইলিশের জোগান একধাক্কায় অনেকটা বেড়ে যাবে। বাজারে ব্যাপক হারে ইলিশের সরবরাহ শুরু হলে স্বাভাবিকভাবেই দাম কমে আসবে, যা উৎসবের মরসুমে সাধারণ মধ্যবিত্তের জন্য একটি বড় স্বস্তির কারণ হতে চলেছে।