কোর্টে জুটল না আইনজীবী! পালানোর ছক কষতেই পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী

দক্ষিণ ২৪ পরগনা: স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের পর এবার পুলিশের জালে তাঁর স্ত্রী রোজিনা বিবি ওরফে সারিকা! স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগে শনিবার তাঁকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। রোজিনাকে গ্রেফতার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফলতার সাধারণ মানুষ, উল্লাসে ফেটে পড়ে অনেকেই বলছেন, “পাপের যোগ্য শাস্তি হয়েছে”।
কোর্টে জুটল না আইনজীবী!
গোপন সূত্রে খবর পেয়ে উস্তি ও বিষ্ণুপুর থানার সীমানা সংলগ্ন জুলপিয়া এলাকা থেকে রোজিনাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, গা ঢাকা দিয়ে থাকা রোজিনা গাড়িতে করে ভিনরাজ্যে পালানোর ছক কষছিলেন। এরপর কড়া নিরাপত্তায় তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। তাঁর হয়ে সওয়াল করতে আদালতে কোনও আইনজীবীই এগিয়ে আসেননি! শেষমেশ বিচারক জানতে চাইলে রোজিনা জানান তাঁর কোনও আইনজীবী নেই। পরে লিগ্যাল এইডের এক সরকারি আইনজীবী তাঁর হয়ে সওয়াল করলেও জামিন মেলেনি। রোজিনাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
কী কী অভিযোগ রোজিনার বিরুদ্ধে?
পুলিশ সূত্রে খবর, রোজিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা ছাড়াও, পুলিশের উপর হামলার ষড়যন্ত্র, বেআইনি জমায়েত এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ছক কষার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি, সম্প্রতি ফলতার শতলকলসায় জমায়েত করে স্বামী জাহাঙ্গিরকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চক্রান্তেও তিনি মূল পাণ্ডা ছিলেন বলে অভিযোগ।
অন্যদিকে, ৬ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে শনিবারই ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে জেল হেফাজতে থাকাকালীন তাঁকে নতুন মামলায় ফের গ্রেফতার করে আদালতে পেশ করা হতে পারে।