তৃতীয়বার ছাদনাতলায় আমির! ৫ জুলাই পাত্রী গৌরীর সঙ্গেই চারহাত এক

তৃতীয়বার ছাদনাতলায় আমির! ৫ জুলাই পাত্রী গৌরীর সঙ্গেই চারহাত এক

মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে ফের একবার সংবাদ শিরোনামে বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি নিশ্চিত করেছেন, আগামী ৫ জুলাই নিজের পার্টনার গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন। ৬১ বছর বয়সী অভিনেতার এটি তৃতীয় বিয়ে হতে চলেছে।

কেমন হবে বিয়ের অনুষ্ঠান?

কোনও রাজকীয় বা জমকালো আয়োজন নয়, বরং একেবারেই ছিমছামভাবে চারহাত এক হতে চলেছে। আমির জানিয়েছেন, শুধুমাত্র দুই পরিবার এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বাড়িতেই আইনি বিয়ে (Registry Marriage) সারবেন তাঁরা। এই বিষয়ে আমির বলেন, “এটা বাড়িতে খুব সাধারণ একটি রেজিস্ট্রি ম্যারেজ হবে। আমরা দুজনেই বিষয়টাকে খুব সহজ রাখতে চাই। আমরা সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত। আমার তো মনে হয়, আমি ইতিমধ্যেই ওর সাথে বিবাহিত।” তবে এই অনুষ্ঠানে শাহরুখ বা সালমানের মতো তারকারা উপস্থিত থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

কে এই গৌরী স্প্র্যাট?

আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের বাড়ি বেঙ্গালুরুতে। তিনি মূলত ওয়েলনেস এবং বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। গৌরীর দাদু ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটেনে জন্মগ্রহণকারী এক ব্যক্তি, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। গৌরীর এটি দ্বিতীয় বিয়ে এবং তাঁর আগের পক্ষের একটি সাত বছরের ছেলেও রয়েছে, নাম কুইন। উল্লেখ্য, নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীকে মিডিয়ার সামনে এনেছিলেন আমির।

আমিরের আগের দুই সংসার:

প্রসঙ্গত, এটি আমির খানের জীবনে তৃতীয় ইনিংস। এর আগে রিনা দত্তের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়, তাঁদের দুই সন্তান— জুনায়েদ ও ইরা। এরপর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছর সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন আমির। তাঁদেরও একটি ছেলে রয়েছে, আজাদ। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও আমিরের সম্পর্ক আজও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ এবং সন্তানদের দায়িত্বও তাঁরা যৌথভাবেই পালন করেন। এবার দেখার, গৌরীর সঙ্গে তাঁর নতুন জীবনের পথ চলা কেমন হয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *