জলে ভাসল ৩ অত্যাধুনিক ‘ব্রহ্মাস্ত্র’! ‘এই তো সবে শুরু’, দেশীয় যুদ্ধজাহাজ নৌসেনাকে দিয়ে মোদির বার্তা

কলকাতা: যোগদিবসে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে ভারতীয় নৌসেনার শক্তিবৃদ্ধি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দিয়ে তাঁর আত্মবিশ্বাসী বার্তা, “এই তো সবে শুরু!”

নৌসেনার মুকুটে তিন নয়া পালক:

রবিবার গভীর নীল জলে নজরদারি চালানোর জন্য নৌসেনার হাতে তুলে দেওয়া হলো— আইএনএস দুনাগিরি (INS Dunagiri), আইএনএস অগ্রয় (INS Agray) এবং আইএনএস সংশোধক (INS Sanshodhak)। এদিন গার্ডেনরিচে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নৌসেনার উচ্চপদস্থ আধিকারিকরা।

‘বাংলা থেকেই সুরক্ষিত ভারতের সূচনা’:

যুদ্ধজাহাজগুলির উদ্বোধন করে বাংলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। এই বাংলা থেকেই আজ আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে ভারতকে সবার আগে শক্তিধর হতেই হবে।”

বিশ্বজোড়া অস্থিরতা ও আত্মনির্ভরতার পাঠ:

বর্তমানে পশ্চিম এশিয়ায় চরম অস্থিরতা চলছে। শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগে ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে সরব হয়ে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। যার জেরে বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, প্রভাব পড়ছে অর্থনীতিতে। এই টালমাটাল পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এদিন বিদেশ নির্ভরতা কমিয়ে ‘আত্মনির্ভর’ হওয়ার ডাক দেন।

‘নির্মাতা থেকে নির্ণায়ক’:

মোদির কথায়, “ভারত এখন শুধু ক্রেতা নয়, নির্মাতা হতে চায়। যে দিন আমরা সম্পূর্ণ নির্মাতা হব, সে দিন বিশ্বমঞ্চে আমরাই নির্ণায়ক ভূমিকা নেব।” আইএনএস বিক্রান্তের প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, গত কয়েক বছরে দেশে তৈরি ৪০টিরও বেশি দেশীয় যুদ্ধজাহাজ ও সাবমেরিন ভারতীয় নৌসেনায় যুক্ত হয়েছে, যা দেশের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *