বিনা টিকিটে ট্রেন সফর এবার আরও দামি! একধাক্কায় দ্বিগুণ বাড়ল রেলের জরিমানা

নয়াদিল্লি: বিনা টিকিটে বা ভুল টিকিট নিয়ে ট্রেনে ওঠার দিন এবার শেষ! যাত্রীদের এই প্রবণতা রুখতে জরিমানার অঙ্ক একধাক্কায় দ্বিগুণ করল ভারতীয় রেল। ‘পাবলিক ট্রাস্ট অ্যাক্ট, ২০২৬’-এর অধীনে আনা এই নতুন কড়া নিয়ম গত ২০ জুন থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। ফলে এখন থেকে নিয়ম ভাঙলেই যাত্রীদের পকেটে বড়সড় টান পড়তে চলেছে।
একনজরে রেলের নতুন নিয়ম ও বদলগুলি:
- জরিমানা দ্বিগুণ: ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৩৭ এবং ১৩৮ নম্বর ধারায় সংশোধনী আনা হয়েছে। এর ফলে টিকিটবিহীন যাত্রীদের জন্য সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ৫০০ টাকা করা হয়েছে।
- কোথায় প্রযোজ্য: শুধুমাত্র বড় স্টেশন নয়, সারা দেশের সমস্ত ছোট-বড় স্টেশন এবং দূরপাল্লার ট্রেনে এই কড়া নিয়ম সমানভাবে প্রযোজ্য হবে।
- কারা শাস্তির মুখে পড়বেন?
- বৈধ টিকিট ছাড়া যাত্রা করলে।
- নির্ধারিত ক্লাসের (যেমন স্লিপার বা এসি) বাইরে বিনা অনুমতিতে অন্য কোচে যাতায়াত করলে।
- পুরনো বা ভুল টিকিট নিয়ে ট্রেনে উঠলে।
জরিমানা না দিলে কী শাস্তি?
রেল প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যে, নিয়ম ভাঙার পর জরিমানা দিতে অস্বীকার করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষত্রে বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করবে এবং নিয়ম লঙ্ঘনকারীর ছয় মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।
প্রতি বছর টিকিট ছাড়া ভ্রমণের কারণে ভারতীয় রেল কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। রাজস্বের এই বিপুল ক্ষতি রুখতে এবং আর্থিক কাঠামো শক্তিশালী করতেই রেলের এই কড়া পদক্ষেপ। যাত্রীদের কাছে সর্বদা বৈধ টিকিট নিয়ে আইনসম্মত ও সুরক্ষিত যাত্রা করার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।