ইতিহাস গড়ার দোরগোড়ায় মেসি, আজ অস্ট্রিয়াকে হারালেই নতুন মাইলফলক!

ইতিহাস গড়ার দোরগোড়ায় মেসি, আজ অস্ট্রিয়াকে হারালেই নতুন মাইলফলক!

আগামী বুধবার ৩৯তম জন্মদিনের কেক কাটবেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তার ঠিক আগেই আজ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে সকলের নজর থাকবে আলবিসেলেস্তে অধিনায়কের দিকেই। আগের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। বাবার অসুস্থতার মতো ব্যক্তিগত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও মাঠে তার কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেননি তিনি, বরং গোল করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

শীর্ষস্থান ও নতুন রেকর্ডের হাতছানি

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন মেসি। আজ অস্ট্রিয়ার জালে বল জড়াতে পারলেই তিনি এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। যদিও এই মহাতারকা রেকর্ডকে নিছক পরিসংখ্যান হিসেবেই দেখছেন। অন্যদিকে, এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনার গ্রুপ শীর্ষস্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে, যার ফলে নকআউট পর্বের আগে মেসিকে কিছুটা বিশ্রাম দেওয়ার সুযোগ পাবেন কোচ। তবে জর্ডন-বধ করে আত্মবিশ্বাসী অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দেশ টানা দু’বার বিশ্বকাপ জেতেনি। ইতিহাস গড়ার সেই লক্ষ্যেই এগোচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সতীর্থদের কাছে তিনিই পরম অনুপ্রেরণা

আগের মতো টানা ৯০ মিনিট পুরো মাঠ দাপিয়ে খেলার ক্ষমতা হয়তো বয়সের কারণে কিছুটা কমেছে, কিন্তু কখন কীভাবে ম্যাচের মোড় ঘোরাতে হয়, তা মেসির চেয়ে ভালো কেউ জানেন না। একসময় জাতীয় দলের জার্সিতে তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও, বর্তমানে তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে সতীর্থ ম্যাক অ্যালিস্টার বা জুলিয়ান অ্যালভারেজ—সকলেরই মত, মেসি ছাড়া এই দল আসাম্পূর্ণ। সতীর্থ রডরিগো ডি পলের কথায়, মেসির জন্য তাঁরা যুদ্ধে নামতেও প্রস্তুত। সতীর্থদের এই আবেগ এবং ৩৮ বছর বয়সেও মাঠে তাঁর জাদু প্রমাণ করে, গোটা ফুটবল বিশ্বে তিনি এখনও সবচেয়ে বড় আকর্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *