বন্ধ হচ্ছে না সামাজিক প্রকল্প, তবে জুড়ছে কড়া শর্ত! শুভেন্দু সরকারের বাজেটে বড় চমক

বন্ধ হচ্ছে না সামাজিক প্রকল্প, তবে জুড়ছে কড়া শর্ত! শুভেন্দু সরকারের বাজেটে বড় চমক

কলকাতা: জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। সোমবার বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে চলমান কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, তবে প্রকৃত অভাবী মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে জুড়ছে কড়া স্ক্রুটিনি ও নতুন মাপকাঠি। পূর্বতন সরকারের আমলের দুর্নীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অনেক দুর্নীতি হয়েছে। বিধবাভাতা, লক্ষ্মীর ভান্ডার পুরুষেরা পর্যন্ত পেয়েছে। এ ভাবে সরকারি টাকা দেওয়া যায় না।”

নতুন বাজেটে একগুচ্ছ বড় ঘোষণা ও বরাদ্দের প্রস্তাব করা হয়েছে:

১. যুবকদের জন্য ‘ভরসা কর্মসূচি’

শিক্ষিত বেকার যুবকদের জন্য আগামী অক্টোবর থেকে চালু হচ্ছে এই প্রকল্প। ২১ থেকে ৪৫ বছর বয়সি স্নাতক পাস বেকার যুবকেরা মাসে ৩,০০০ টাকা এবং অন্যরা মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা পাবেন কেবল সেই সব পরিবার, যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে না।

২. নারীদের জন্য ‘অন্নপূর্ণা যোজনার’ ধামাকা

নারীর ক্ষমতায়নে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার সুবিধা। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারা মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি উপভোক্তার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ১ জুলাইয়ের মধ্যে ১ কোটি ৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। এছাড়া, ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন।

৩. শিক্ষাক্ষেত্রে ঢালাও অনুদান

  • প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সরকারি ও সরকার পোষিত কলেজের পড়ুয়াদের এককালীন ৩০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে।
  • কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং-এর সেরা ১০০টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া রাজ্যের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বিমার খরচ বহন করবে সরকার।
  • কলেজেছুট হওয়ার প্রবণতা আটকাতে সরকারি কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে।

৪. জনজাতি ও রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক

মাঝরাস্তা থেকে গরিবের খাবার উধাও হওয়া রুখতে এবার থেকে জনজাতিদের ঘরে ঘরে চাল, ডাল, তেল, নুন ও আলু পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ বায়োমেট্রিক ও ভিডিও প্রমাণের ভিত্তিতে।

৫. স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে বড় ঘোষণা

  • সরকারি হাসপাতালে রোগীদের তিন বেলার খাবারের দৈনিক বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। উত্তরবঙ্গে গড়া হবে নতুন ‘এমস’ (AIIMS)।
  • বয়স্ক, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে।
  • কলকাতা শহরে ৪০০টি নতুন ‘মা আধার কেন্দ্র’ গড়া হবে, যেখানে মাত্র ৫ টাকায় মিলবে ডিম, মাছ, ভাত।
  • আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ৩,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার আওতায় আসবেন প্রায় ৭ কোটি মানুষ।
  • অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য চালু হচ্ছে মাসে ৫,০০০ টাকা সংগ্রামী পেনশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *