প্রেম, লিভ-ইন ও ঋণের বোঝা! মা-বাবা ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন তরুণীর

বেঙ্গালুরু: ভিন ধর্মের যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্ক এবং মাথার ওপর পাহাড়প্রমাণ ঋণের বোঝা— এই দুইয়ের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের সাক্ষী থাকল বেঙ্গালুরু। লিভ-ইন পার্টনার কেনেথকে সঙ্গে নিয়ে নিজের মা, বাবা এবং ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বড় মেয়ে শ্বেতার বিরুদ্ধে। সোমবার বেঙ্গালুরুর সিগেহল্লি এলাকার সাই গ্রিন অ্যাপার্টমেন্টে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন সোমসুন্দর (৫৫), তাঁর স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮) এবং তাঁদের ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। কেনেথের সঙ্গে বড় মেয়ে শ্বেতার সম্পর্ক নিয়ে পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের তিক্ততা ছিল। সম্প্রতি শ্বেতা ও কেনেথ প্রায় ৩০ লক্ষ টাকার ঋণের কবলে পড়েন। এই ঋণ শোধ করা এবং শ্বেতার লিভ-ইন সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই বাড়িতে তুমুল অশান্তি চলছিল।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী:
- গত শনিবার শ্বেতার ফ্ল্যাটে ঘুরতে এসেছিলেন সোমসুন্দর, মুথুলক্ষ্মী ও সুপ্রিয়া।
- সোমবার সন্ধ্যায় মা-বাবার সঙ্গে শ্বেতার তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়।
- অভিযোগ, সেই সময়েই শ্বেতা ও কেনেথ ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সোমসুন্দর, মুথুলক্ষ্মী ও সুপ্রিয়ার ওপর। এলোপাথাড়ি কোপের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছোট বোনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান বাবা সোমসুন্দরও।
পালিয়ে বেড়াচ্ছে খুনি যুগল
ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বেতা ও কেনেথ পলাতক। হোয়াইটফিল্ড বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার সাইদুলু আদাভথ জানিয়েছেন, কেনেথ ও শ্বেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে অভিযুক্তদের গ্রেপ্তার হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের বয়ান রেকর্ড করা হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের আদি গ্রামের বাসিন্দাদের মধ্যেও।