উদয়ন-ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিশু ধর গ্রেফতার! হাসপাতালে বিভাগ খোলার নামে কাটমানির অভিযোগ

দিনহাটা: দুর্নীতি ও জোর করে টাকা আদায়ের অভিযোগে এবার গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা বিশু ধর। বৃহস্পতিবার মালদহ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
কী অভিযোগ?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটা হাসপাতালে ‘শিশুমঙ্গল সমিতি’ নামে একটি নতুন বিভাগ খোলার নাম করে স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষক এবং ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল। অভিযোগ, এই টাকা তোলার মূল চক্রে জড়িত ছিলেন বিশু ধর। সংগৃহীত টাকার রসিদেও গরমিল ছিল বলে দাবি করা হয়েছে। দিনহাটার বাসিন্দা রুপম সাহা মোট ১৪ জনের নামে এই মামলার অভিযোগ দায়ের করেন, যার মধ্যে বিশুর নামও রয়েছে।
উদয়ন গুহের সূত্র থেকেই সূত্রপাত
সম্প্রতি কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। পুলিশ তাঁকে জেরা করে বারবার বিশু ধরের নাম পায়। উদয়নকে গ্রেফতারের পরই নতুন করে দায়ের হওয়া মামলায় বিশুর ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ্য, বৃহস্পতিবার দিনহাটা আদালত উদয়ন গুহকে ছয় দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।
মালদহে হানা ও পরবর্তী পদক্ষেপ
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মালদহের ইংরেজবাজার এলাকায় হানা দেয় দিনহাটা থানা পুলিশের একটি বিশেষ দল। ইংরেজবাজার থানার সহায়তায় সেখান থেকেই আটক করা হয় বিশুকে। বৃহস্পতিবার তাকে মালদহ সদর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিনহাটায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল, শুক্রবার তাকে দিনহাটা আদালতে হাজির করানো হবে।
তৃণমূলের দাপুটে নেতার এহেন গ্রেফতারিতে দিনহাটার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে।